গাইবান্ধার সুন্দরগঞ্জে সরকার দলের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন সংসদ চলাকালীন সময়ের জন্য জামিনে মুক্তি পাওয়ায় মোটেও হতাশ নয় তার গুলিতে আহত হওয়া শাহাদাত হোসেন সৌরভের পরিবার।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ দিন চিকিৎসার পর গত ২৬ অক্টোবর সৌরভকে নিয়ে বাড়ি ফেরেন তার বাবা সাজু মিয়া ও মা সেলিনা বেগম। আসামি লিটনের জামিনের প্রতিক্রিয়া জানতে চাইলে সেলিনা সোমবার বলেন, ‘আমরা ভীত নই, বাড়িতে চৌকিদার পাহারায় আছে। আর মামলাও যেহেতু চলমান, তাই সুবিচারের আশা করছি।’
গত ২ অক্টোবর আওয়ামী লীগ এমপি লিটন চতুর্থ শ্রেণির ছাত্র সৌরভকে গুলি করেন। এ অভিযোগ ওঠার পর তাকে গ্রেপ্তারের দাবিতে আন্দোলন শুরু হয়েছিল সুন্দরগঞ্জে। কিছুদিন পালিয়ে থাকার পর ১৪ অক্টোবর ঢাকায় গ্রেপ্তার হন লিটন।
কয়েক দফা নাকচ হওয়ার পর সৌরভকে গুলির মামলায় রোববার লিটনকে জামিন দেন গাইবান্ধা আমলি আদালতের (সুন্দরগঞ্জ) বিচারক অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মইনুল হাসান ইউছুফ। কারাগার থেকে ছাড়া পাওয়ার পর প্রথমে বামনডাঙ্গার বাড়িতে যান লিটন। সংসদ অধিবেশনে যোগ দিতে তিনি রাতেই ঢাকা রওনা হন বলে জানিয়েছেন তার স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি।


