এলাম, দেখলাম, জয় করলাম—মুস্তাফিজুর রহমানের আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবটা এমনই। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকেই দুই উইকেট। ভারতের সঙ্গে ওয়ানডে অভিষেকেই ৫ উইকেট, সিরিজে ১৩। উইকেট তো নয়, যেন মুড়ি মুড়কি! সেই মুস্তাফিজ কি না উইকেটের দেখা পেলেন না জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে! সোববার দ্বিতীয় ওয়ানডেতেও উইকেটের দেখা পাচ্ছিলেন না। অবশেষে নিজের চতুর্থ ওভারের শেষ বলে পেলেন শন উইলিয়ামসের উইকেট।
আর সেই সঙ্গে ৭০ বলের ‘দীর্ঘ’ এক অপেক্ষাও ফুরাল মুস্তাফিজের। প্রশ্ন হতেই পারে, ৭০ বল আবার দীর্ঘ হয় কী করে? ৭০ বলের অপেক্ষাকে তো ঠিক ‘অপেক্ষা’ও বলা যায় না। কিন্তু নামটি মুস্তাফিজ বলেই মনে হচ্ছিল, কত দিন যে হয়ে গেল উইকেট নেই! হাত ঘোরালেই যিনি উইকেট পান, তার জন্য এটা ‘দীর্ঘ’ অপেক্ষা তো অবশ্যই। রঙিন পোশাকের রং ঝলমলে অভিষেকের পর এতগুলো বল কখনোই অপেক্ষা করতে হয়নি তাঁকে একটি উইকেটের জন্য। ৮ ওভার বোলিং করে ৩৩ রানে তিন উইকেট—মুস্তাফিজই দিনের সেরা বোলার।
অভিষেকের পর থেকেই বাংলাদেশ দলের মূল উইকেটশিকারি হয়ে উঠেছেন। অভিষেক সিরিজে মুস্তাফিজের বোলিংয়ের স্ট্রাইক রেট ছিল ১৩.৫৪। অর্থাৎ প্রতি প্রায় তেরো বলে একটি করে উইকেট তুলে নিয়েছেন। এর পরই মাঝখানে একবার টানা ৫০ বলে কোনো উইকেটের দেখা পাননি এই বাঁহাতি পেসার। সংক্ষিপ্ত ক্যারিয়ারে এত দিন ওটাই ছিল তাঁর সবচেয়ে ‘দীর্ঘ খরা’। তবে এই সিরিজের আগপর্যন্ত নিজের স্ট্রাইক রেট আঠারোর নিচেই রাখতে পেরেছিলেন। অর্থাৎ, মুস্তাফিজ গড়ে প্রতি ১৮ বলে একটি করে উইকেট উইকেট তুলে নেন।
পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বাঘা বাঘা সব ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করেছেন। সেই মুস্তাফিজ জিম্বাবুয়ের সঙ্গে প্রথম ওয়ানডেতে কোনো উইকেট পেলেন না—এটা অবশ্যই বিস্ময়ের। বিস্ময়টা বাড়ল সোববার দ্বিতীয় ওয়ানডেতেও উইকেট পেতে চার ওভার লেগে গেল বলে। ফলে ক্যারিয়ারের ১৯তম উইকেটের দেখা পেতে ৭০টি বল অপেক্ষা করতে হলো মুস্তাফিজকে। ৭১তম বলে গিয়ে অবশেষে তাঁর ক্যারিয়ারের হিসেবে সেই ‘দীর্ঘ’ অপেক্ষার অবসান হলো।
এর পরই চেনা মূর্তিতেই ফিরেছেন। পরের উইকেটটি পেতে মাত্র ১৮টি বলই অপেক্ষায় থাকতে হয়েছিল তাঁকে। লুক জঙ্গুয়ের স্ট্যাম্প উড়িয়েই নিজের দ্বিতীয় উইকেট পেয়েছেন। এর চার বল পরেই তিনাশে পানিয়াঙ্গারাকে আউট করে নিলেন নিজের তৃতীয় উইকেট। এর মধ্যে জঙ্গুয়ের উইকেটটাই সেরা নিশ্চয়ই। স্টাম্প যে হাওয়ায় ওড়ালেন। মুস্তাফিজ নিজেও উড়েই চলেছেন! সূত্র : বাংলাদেশের খেলা
স্পোর্টস ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


