বুধবার ৪ নভেম্বর ২০২৬

ধানের ন্যায্য দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা

102দেশের অন্যতম খাদ্যভাণ্ডার রংপুর কৃষি অঞ্চলের ধান-চালের মোকামগুলো এখন‌ও গত মৌসুমের ধানচালে ভরা। তার ওপর চলতি মাসেই বাজারে উঠবে নতুন ধান। এতে ধানের দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় আছেন কৃষক ও ব্যবসায়ীরা।

মাঠের ফলন দেখে কৃষকের প্রাণে ঝিলিক এলেও শান্তি নেই মনে। তারা বলছেন, এখনও গত মৌসুমের ধানই তাদের গোলায়। এরই মাঝে উঠবে নতুন ফসল। বাড়তি টাকা খরচ করে মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলালেও উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়ে চিন্তিত তারা। তাই সরকারি ধান ক্রয়ে মূল্য বৃদ্ধির দাবি জানিয়েছেন কৃষকেরা।

গত বছর রংপুর অঞ্চলে ৩৪ লাখ ১৩ হাজার ১শ’ ৭ মেট্রিক টন ধান উৎপন্ন হয়। যা এখানকার চাহিদা মিটিয়েও ১৬ লাখ ৫১ হাজার ৩শ’ ৮৩ মেট্রিক টন উদ্বৃত্ত ছিল। রংপুর অঞ্চলের সবচে বড় ধান চালের মোকাম মাহীগঞ্জের ব্যবসায়ীরা বলছেন, এখনও এখানে যে পরিমাণ চালের মজুদ রয়েছে এ নিয়েই চিন্তিত তারা। এরই মাঝে আসছে আমন মৌসুম। সব কিছু মিলে প্রশ্ন তুলেছেন এখানকার ব্যবসায়ীরা।

আর ব্যবসায়ী নেতারা বলছেন, একটা সময় ধান চালের চাহিদা মেটাতে পারতেন না তারা। কিন্তু এখন মাল গোডাউনে পড়ে থাকলেও ক্রেতা নেই। এ জন্য চাল আমদানির পরিবর্তে রপ্তানির দিকে নজর দেয়ার আহ্বান জানিয়েছেন তারা। কৃষি বিভাগের তথ্য মতে, এবার রংপুর অঞ্চলে আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৪ লাখ ৯৮ হাজার ৫৬৯ মেট্রিক টন।

আরও পড়ুন