বাংলাদেশ রেলওয়ের জন্য ২৫০টি কোচ ও ১০টি ইঞ্জিন ক্রয় প্রকল্পসহ ৬ হাজার ২৫১ কোটি টাকার ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে ৭টি নতুন এবং ৩টি সংশোধিত প্রকল্প রয়েছে।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে চলতি অর্থবছরের ১২তম একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়।
এতে মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ২ হাজার ৬৪৩ কোটি টাকা এবং প্রকল্প সহায়তা ধরা হয়েছে ৩ হাজার ৫৭৮ কোটি টাকা। এছাড়া রেলওয়ে কোচ ও ইঞ্জিন ক্রয় প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২ হাজার ১০৮ কোটি টাকা।
অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে ঢাকা জেলার দোহার উপজেলার আওরঙ্গবাদ থেকে ব্রাহাবাজার ঘাট পর্যন্ত পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্প। সভা শেষে দুপুরে সাংবাদিকদের ব্রিফিং করেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।


