বুধবার ৪ নভেম্বর ২০২৬

মিলিটারি পুলিশকে কোপানোর ঘটনায় তদন্তে নেমেছে সেনাবাহিনী

armyঢাকার কচুক্ষেত চেকপোস্টে মিলিটারি পুলিশ (এমপি) ল্যান্স করপোরাল সামিদুল ইসলামকে কোপানোর ঘটনা তদন্তে নেমেছে সেনাবাহিনী। মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মঙ্গলবার সকাল নয়টা ৪৫ মিনিটে কচুক্ষেত এলাকায় কর্তব্যরত একজন মিলিটারি পুলিশকে এক পথচারী পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ওই মিলিটারি পুলিশ সদস্য সামান্য আহত হন। কর্তব্যরত অন্য সামরিক সদস্যগণ এ ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারীকে আটক করেছে। বিস্তারিত জানার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।’

আইএসপিআরের সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী জানান, আর্মির পক্ষ থেকে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল নয়টা ৪৫ মিনিটে কচুক্ষেত চেকপোস্টে থেকে ক্যান্টমেন্টে ঢোকার সময় সেখানে দায়িত্বরত মিলিটারি পুলিশ ল্যান্স করপোরাল সামিদুল ইসলাম রিকশার হাওয়া ছেড়ে দেন। ঠিক তখনই পেছন থেকে তাকে দা দিয়ে কোপানো হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম জানান, তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, রিকশাওয়ালাই দা দিয়ে ওই মিলিটারি পুলিশকে কুপিয়েছে। স্থানীয়রা ওই রিকশাওয়ালাকেও আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।

আরও পড়ুন