বুধবার ৪ নভেম্বর ২০২৬

সাজা শেষে অনুপ চেটিয়াকে ছেড়ে দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

homeminister-asadসাজা শেষ হওয়ায় নিজ ইচ্ছায় ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়াকে তার দুই সহযোগিসহ কাশিমপুর কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনুপ চেটিয়া দীর্ঘদিন আমাদের কারাগারে আটক ছিলেন। তার আটকাদেশ শেষ হয়েছে। ভারতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করায় কাশিমপুর কারাগার থেকে দুই সহযোগিসহ তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সকালে তারা বর্ডার পার হয়েছে।’

ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে কি না জানতে চাইলে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘যখন কোন বিদেশি আমাদের কারাগারে থাকে, তখন আমরা তার বর্তমান অবস্থান সম্পর্কে সে দেশের দূতাবাসকে জানিয়ে দেই। তারাই যোগাযোগ রাখে। আমরা তাকে (অনুপ চেটিয়া) জেলখানা থেকে ছেড়ে দিয়েছি। কীভাবে গেছে তা সেই জানেন।’

অনুপ চেটিয়াকে হস্তান্তর করা হয়েছে কি না আবারো জিজ্ঞাসা করা হলে আসাদুজ্জামান বলেন, ‘হস্তান্তরের প্রশ্নই এখানে আসে না। আমি তো বললাম- তার (অনুপ) সাজার মেয়াদ শেষ হয়েছে। আমরা তাকে ছেড়ে দিয়েছি। বাকিটুকু তিনি চলে গিয়েছে।’

অপর এক প্রশ্নের জবাবে খান বলেন, বর্ডারের মাধ্যমে এক দেশ থেকে যখন আরেক দেশে কেউ যায়, আর এটাকে যদি আপনারা হস্তান্তর বলেন, তাহলে হস্তান্তরই হয়েছে। বিএসএফ-বিজিবির মাধ্যমেই তো গেছে।

মন্ত্রী বলেন, ‘জীবনের নিরাপত্তা চেয়ে অনুপ চেটিয়া যে রিট করেছিলেন, তা তিনি নিজেই কারাগারে আটক অবস্থায় প্রত্যাহারের আবেদন করেছিলেন। যাওয়ার সময় তিনি বলে গেছেন, সজ্ঞানে সুষ্ঠু মস্তিষ্কে নিজের ইচ্ছায় চলে যাচ্ছি।’

তিনি বলেন, যে কোনো বিদেশি আটক থাকলে আমরা সেদেশের দূতাবাসকে খবর দেই। তাদের দায়িত্ব থাকে তাকে গ্রহণ করা কিংবা নিয়ে যাওয়া। অনুপ চেটিয়া হয়তো সেভাবেই চলে গেছেন। তার সঙ্গে আরো দুই সহযোগী আটক ছিলেন। তারা হলেন বাবুল শর্মা ও শক্তি প্রসাদ। তাদের আটকাদেশও শেষ হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী তারাও চলে গেছেন।

ভারতকে বন্ধুপ্রতীম দেশ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কাউকে দিব-কাউকে নিব প্রতিবেশি দেশ ভারতের সঙ্গে এমন সম্পর্ক নয়। তাদের সঙ্গে আমরা সব সময় ভাল সম্পর্ক বজায় রেখে চলি। আমাদের যখন সমস্যা হয় তখন তারা আমাদের সহযোগিতা করে, আর তাদের সমস্যা হলে আমরা সহযোগিতা করি। কাজেই একটার বদলে আরেকটা দিব এমন প্রশ্ন আসে না।’

এর আগে বুধবার বেলা সাড়ে ১১টায় মিরপুর-১০ এ জাতীয় ফায়ার সার্ভিস সপ্তাহ-২০১৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনুপ চেটিয়াকে হন্তান্তরের বিষয়ে আমার জানা নেই।’

১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে অনুপ চেটিয়াকে গ্রেফতার করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অবস্থান, অবৈধভাবে বৈদেশিক মুদ্রা ও একটি স্যাটেলাইট ফোন রাখার অভিযোগে তিনটি মামলা হয়। পরে তিনটি মামলায় তাকে যথাক্রমে তিন, চার ও সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন বাংলাদেশের আদালত। শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর ভারত সরকার অনুপ চেটিয়াকে ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ জানায়। বিভিন্ন সময় আলোচনা হলেও অনুপ চেটিয়াকে হন্তান্তর করা হয়নি। ২০১২ সাল থেকে তিনি কাশিমপুর কারাগারে ছিলেন। ভারত দীর্ঘদিন ধরে অনুপ চেটিয়াকে হস্তান্তরের জন্যে বাংলাদেশের ওপর চাপ দিয়ে আসছিল। কিন্তু বন্ধুপ্রতিম দুটি দেশের মধ্যে বন্দী বিনিময় চুক্তি না থাকায় তা সম্ভব হয়নি। গত জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফরে এলে বন্দী বিনিময় চুক্তি হওয়ার পর এ বিষয়টি আরো এগিয়ে যায়।

তবে এর আগেই সাজা ভোগ করার সময় অনুপ চেটিয়া বাংলাদেশে রাজনৈতিক আশ্রয় লাভের আবেদন করেন। বিষয়টি নিস্পত্তি হওয়ার আগে অবৈধ অনুপ্রবেশের দায়ে তার সাজা শেষ হয়ে গেলে তিনি নিজেই ভারতে চলে যাওয়ার জন্যে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে আবেদন জানান। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবেচনাধীন ছিল। এবছর ফের একই আবেদন করেন তিনি।

জেল আইন অনুসারে বাংলাদেশে কোনো বিদেশি নাগরিক সাজা ভোগ করার পর তাকে তার দেশে ফেরত পাঠাতে হলে ওই দেশের দূতাবাসের মাধ্যমেই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হয়। অনুপ চেটিয়া ও তার দুই সঙ্গীর ক্ষেত্রেও স্বাভাবিকভাবে ভারতীয় দূতাবাস এ প্রক্রিয়ায় সম্পৃক্ত হয়েছে।

বাংলাদেশ অনুপ চেটিয়াকে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের কাছে হন্তান্তর করেছে বলে বুধবার সকালে এক প্রতিবেদন প্রকাশ করে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।

পিটিআই জানায়, বুধবার ভোরে অনুপ চেটিয়াকে ভারত সীমান্তে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের কাছে হন্তান্তর করেছে বাংলাদেশ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত হস্তক্ষেপের কারণেই অনুপ চেটিয়াকে ফেরত দিয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন