বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘একইভাবে ফিরবে নূর হোসেন’

Nur-hossain_Kolkata21স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, ‘অনুপ চেটিয়া যেভাবে বাংলাদেশ থেকে ভারত গিয়েছে, ঠিক একইভাবে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে ফিরিয়ে আনা হবে।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার দুপুরে নূর হোসেনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘তাদের সরকার (ভারত) যেদিন আমাদের (বাংলাদেশ) বলবে সে (নূর হোসেন) মুক্ত হয়েছে, তখন আমরা তাকে নিয়ে আসব। ঠিক এইভাবেই অনুপ চেটিয়ার মতো বর্ডারে (সীমান্তে) তাকে রিসিভ করব। যেভাবে সে (অনুপ চেটিয়া) চলে গেল।’

গত বছরের এপ্রিল মাস থেকে নারায়ণগঞ্জের আলোচিত সাত হত্যা মামলার প্রধান আসামি নূর হোসেন ভারতের আদালতে বন্দী আছেন। বাংলাদেশ সরকার তাকে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

অনুপ চেটিয়াকে যেভাবে ভারতের কাছে দেওয়া হল তার বদলে নূর হোসেনকে পাওয়া যাবে কি-না জবাবে খান বলেন, ‘আমরা কাউকে দেব, কাউকে নেব; এ ধরনের সম্পর্ক (ভারতের সঙ্গে) আমাদের নেই। ভারতের সঙ্গে একটা ভাল সম্পর্ক আমরা মেইনটেইন করে চলি। তারা আমাদের বন্ধুপ্রতিম দেশ।’

মন্ত্রী বলেন, ‘আমাদের সমস্যায় তারা (ভারত সরকার) সহযোগিতা করে, তাদের সমস্যায় আমরা সহযোগিতা করি। কোনো বিদেশী আমাদের কারাগারে আটক থাকলে দূতাবাসের মাধ্যমে সেই দেশকে কারাগারে থাকা ব্যক্তির অবস্থা অবহিত করি। এরপর তারাই যোগাযোগ রাখে। নূর হোসেনের বিষয়েও ভারত সরকার জানালে আমরা সেভাবে ব্যবস্থা নেব।’

আরও পড়ুন