প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হিন্দু ধর্মীয় উৎসব দীপাবলীর শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে টেলিফোনে কথা বলেন দুই নেতা। এ সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানান মোদি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানায়, আজ সকালে ভারতের প্রধানমন্ত্রী টেলিফোন করে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে হিন্দু ধর্মীয় উৎসব দীপাবলী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের জনগণের জন্য শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের জনগণকে দীপাবলীর শুভেচ্ছা জানান। এ সময় দুই নেতা পারস্পরিক কুশল বিনিময় করেন।
এদিকে নরেন্দ্র মোদী এক ট্যুইট বার্তায় বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হলো, আমি তাকে দীপাবলীর শুভেচ্ছা জানিয়েছি। আর সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য ধন্যবাদ জানিয়েছি।’


