বুধবার ৪ নভেম্বর ২০২৬

নিজের আসনে সুচির জয়

2015-11-09_3_854872কয়েক দশকের সেনাশাসন শেষে ২৫ বছর পর মিয়ানমারের জাতীয় নির্বাচনে গণতন্ত্রপন্থি নেতা অং সান সুচি নিজের আসনে জয়ী হয়েছেন। সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমক্রেসি (এনএলডি) নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পথে।

বিবিসি বলছে, ইয়াঙ্গুনের কাহমু আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জয়ী হন। সাংবিধানিক কারণে তিনি দেশটির প্রেসিডেন্ট হতে পারবেন না। তবে একজনকে খুঁজে নেবেন বলে জানিয়েছেন।

দেশটির পার্লামেন্ট নির্বাচনে ৯১টি রাজনৈতিক দল থেকে ৬ হাজার ৩৮ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। এদের মধ্যে ৩১০ জন স্বতন্ত্রপ্রার্থী। তিনটি পর্যায়ের নির্বাচনে ১ হাজারেরও বেশি আসনে এই প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।

মিয়ানমার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভে ১৭৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আর উচ্চ কক্ষ হাউজ অব ন্যাশনালিটিজে প্রতিদ্বন্দ্বিতা করেন ৮৮৬ জন প্রার্থী। আর বাকি ৩৪১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন আঞ্চলিক বা প্রাদেশিক পার্লামেন্টের আসনের জন্য।

নির্বাচনের পর সুচি মিয়ানমারের জনগণকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি দলের নেত্রী হিসেবে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকার অঙ্গীকারও করেছেন তিনি। তার ক্ষমতা খর্ব করার সামরিক বাহিনীর চেষ্টাও তিনি রুখে দাঁড়াতে প্রস্তুত বলে পরিষ্কার করে জানিয়েছেন।

নির্বাচনের পূর্ণাঙ্গ ফল পেতে আরও কয়েকদিন সময় লাগবে বলে ইলেকশন কমিশন জানালেও বিজয় যে সুচির দলেরই হচ্ছে, তা স্পষ্ট হচ্ছে ক্রমেই। আর তা আঁচ করে ক্ষমতাসীন দল ইউএসডিপি নেতারা ইতোমধ্যে হারও স্বীকার করে নিয়েছেন।

আরও পড়ুন