জাতীয় পতাকার মর্যাদা যেন কখনো ক্ষুণ্ণ না হয়, এ ব্যাপারে সচেতন থাকতে সেনাবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বগুড়া সেনানিবাসে সেনাবাহিনীর জ্যেষ্ঠ কোর ও সাঁজোয়া কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন এবং ১২ ল্যান্সারকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। এসময় প্রধানমন্ত্রী বলেন, অদূর ভবিষ্যতে সেনাবাহিনীতে আরো দুটি সাঁজোয়া রেজিমেন্ট গঠন করা হবে।
রাষ্ট্রীয় কার্যক্রমে দক্ষতা এবং সফলতার জন্য বগুড়া সেনানিবাসের আর্মড কোরের ১২ ল্যান্সার অর্জন করেছে জাতীয় পতাকা বা ন্যাশনাল স্ট্যান্ডার্ড। আর এ উপলক্ষে বগুড়া পৌঁছালে প্রধানমন্ত্রীকে দৃষ্টিনন্দন কুচকাওয়াজে স্বাগত জানায় এখানকার সেনা সদস্যরা।
অভিবাদনের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর আধুনিকায়নে, বাস্তবসম্মত পদক্ষেপ নিচ্ছে তার সরকার। কেনা হয়েছে পর্যাপ্ত ট্যাংক, হেলিকপ্টার, আর্মড রিকভারী ভেইকেলসহ প্রয়োজনীয় সরঞ্জাম।
প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর জ্যেষ্ঠতম কোর, সাঁজোয়া কোরকে আরও দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি আরও নতুন সাঁজোয়া রেজিমেন্ট গঠনের পরিকল্পনা রয়েছে সরকারের।
এর আগে সাঁজোয়া কোরের ইউনিট, ১২ ল্যান্সারকে সম্মান সূচক ন্যাশনাল স্ট্যান্ডার্ড বা জাতীয় পতাকা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


