অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার এক আওয়ামী লীগ নেতাকে হাতে-নাতে ধরে গণপিটুনি দিয়েছে জনতা। শুক্রবার গভীর রাতে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের শেখপুরা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সাধারণ সম্পাদক এম এ মমিন পাটোয়ারীর (৪৫) সঙ্গে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের শেখপুরা গ্রামে জনৈক ব্যক্তির স্বামী পরিত্যক্তা কলেজ পড়ুয়া মেয়ের (২২) সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া চলছিল। শুক্রবার রাত ১২টার দিকে মেয়ের বাড়ির বাইরে তারা অনৈতিক কার্যকলাপে লিপ্ত হন। এ সময় এলাকাবাসী তাদের দু’জনকে আপত্তিকর অবস্থায় আটক করে গণপিটুনি দেয়।
খবর পেয়ে পুলিশ রাতেই মমিনকে উদ্ধার করে থানায় নিয়ে আসার সময় পথে উপজেলা যুবলীগের এক নেতা তাকে ছিনিয়ে নিয়ে যায় বলে জানান এলাকাবাসী।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া বলেন, অনৈতিক কাজের অভিযোগে এলাকাবাসী মমিনকে গণপিটুনির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মমিনকে কেউ ছিনিয়ে নেয়নি। তাকে চিকিৎসা করার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সঙ্গে সম্পৃক্ত এম এ মমিন পাটোয়ারীর মুঠোফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান বাচ্চু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওই মেয়ের সাথে বিয়ের কথা বলে দীর্ঘদিন ধরে পরকীয়া করে আসছিলেন মমিন। শুক্রবার রাতে দু’জনকে বাড়ির বাইরে আপত্তিকর অবস্থায় আটক করে গ্রামবাসী। বিয়ের পরেও একজন নেতা কীভাবে এ কাজ করতে পারে এটা আমার জানা নেই।’


