বুধবার ৪ নভেম্বর ২০২৬

নববধূকে ধর্ষণ: কাজীর বিরুদ্ধে মামলা

news_imgগাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় এক নববধূকে ধর্ষণের অভিযোগে নিকাহ রেজিস্ট্রার (কাজী) শামীম মিয়ার (৪০) বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মামলা হয়েছে।

নববধূর স্বামী মুক্তার হোসেন বাদী হয়ে শুক্রবার দুপুরে পলাশবাড়ী থানায় মামলাটি দায়ের করেন। পরে পুলিশ বিকেলে নববধূকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে পাঠায়।

অভিযুক্ত পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার (কাজী) শামীম মিয়া এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। শামীম একই ইউনিয়নের হাসবাড়ী গ্রামের আহম্মদ আলী কাজীর ছেলে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বেড়ামালঞ্চা গ্রামের মনছের আলীর ছেলে মুক্তার হোসেন (২৩) মঙ্গলবার শামীম কাজীর কাছে রেজিস্ট্রি করে বিবাহ করেন। এর পর বৃহস্পতিবার দুপুরে মেয়ের বয়স কম হওয়ায় এফিডেভিট করতে হবে বলে মুক্তারকে জানায় কাজী শামীম। পরে মুক্তার তার স্ত্রীকে নিয়ে রাত ৮টার পলাশবাড়ীতে আসেন।

চৌধুরী মার্কেটের একটি কাপড়ের দোকানে মুক্তারকে বসিয়ে রাখে এবং উকিলের কাছে নেওয়ার কথা বলে তার স্ত্রীকে মোটরসাইকেলে তুলে নেয় শামীম। পলাশবাড়ী-কাশিয়াবাড়ী সড়কের একটি পুকুরপাড়ে নিয়ে ভয়ভীতি দেখিয়ে কাজী শামীম নববধূকে ধর্ষণ করে বলে জানান ওসি।

তিনি আরও জানান, ডাক্তারি পরীক্ষার জন্য তাকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া অভিযুক্ত কাজী শামীমকে গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।

আরও পড়ুন