প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখন স্বাধীনতাবিরোধীরা উন্নয়নকে বাধাগ্রস্থ করতে ষড়যন্ত্রে ব্যস্ত। মন্তব্য মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির।
শনিবার বিকালে গাজীপুরের জাঙ্গালীয়া উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গতাজ শহীদ তাজউদ্দিন আহমেদ ও শহীদ ময়েজ উদ্দিন আহমেদের স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে এখন আর বিশ্ব দরবারে সাহায্যের জন্য যেতে হয় না। বরং শেখ হাসিনার উন্নয়নে এদেশ এখন বিশ্ব দরবারের মডেল। বাংলাদেশকে এখন অন্যান্য দেশ অনুসরণ করছে।
চুমকি আরও বলেন, গাজীপুরের কৃতি সন্তান শহীদ তাজউদ্দিন আহমেদ ও শহীদ ময়েজউদ্দিন আহমেদের আদর্শকে সামনে রেখে এগিয়ে যেতে হবে।
আলোচনার পর বঙ্গতাজ শহীদ তাজউদ্দিন আহমেদ ও শহীদ ময়েজ উদ্দিন আহমেদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ শেষে বিশেষ দোয়া করা হয়।


