বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

সিডর আঘাতের আট বছরেও কাটেনি ক্ষত

ঘূর্ণিঝড় সিডর, ২০০৭ সালের এই দিনে লণ্ডভণ্ড করে দেয় বরগুনাসহ উপকূলের কয়কটি জেলাকে। ভয়াল এ দিনটির পর কেটে গেছে ৮ বছর, কিন্তু আজও কাটেনি উপকূলের ক্ষত। বিধ্বস্ত বাঁধ নির্মাণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি বেসরকারিভাবে কোটি কোটি টাকা বরাদ্দ করা হলেও ভোগান্তি কমেনি উপকূলবাসীর।

আট বছর আগে এই দিনে ঘণ্টায় ২৬০ কিলোমিটার বেগে বাতাসের সাথে স্বাভাবিক জোয়ারের চেয়ে ১০ থেকে ১২ ফুট উচ্চতার পানি আঘাত হানে বরগুনায়। পানির চাপে পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীপাড়ের বেড়িবাঁধ ভেঙ্গে ভাসিয়ে নিয়ে যায় হাজার হাজার ঘরবাড়ি, পানিতে তলিয়ে নষ্ট হয় ৩৭ হাজার ৬৪ একর জমির ফসল। আর প্রাণ হারায় ১ হাজার ৪৩৫ জন মানুষ।

কিন্তু এত বছর পরও বেড়ি বাঁধগুলো মেরামত হয়নি, ক্ষতিগ্রস্ত এলাকায় আজও অনেকেই মানবেতর জীবনযাপন করছে। তবে জেলা প্রশাসক মীর জহুরুল ইসলামের দাবি, শিগগিরই বাঁধের স্থায়ী মেরামত ও গৃহহীনদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

ঘূর্ণিঝড় সিডরে বরগুনা জেলার প্রায় অর্ধ লক্ষাধিকেরও বেশি ঘড়-বাড়ি বিধ্বস্ত হয়। ঘূর্ণিঝড়ের পরে মাত্র ৫ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারকে বসতঘড় দেয়া হয়। এছাড়া বরগুনার পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীপাড়ের প্রায় ৩০০ কিলোমিটার এলাকার বেড়িবাঁধ বিধ্বস্ত হয়। দীর্ঘ ৮ বছরেও যার স্থায়ী মেরামত কাজ শেষ করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড।

আরও পড়ুন