হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার উপজেলাধীন ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। আহত দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের কাচন মিয়ার স্ত্রী ছফিনা বিবি (৪০), একই গ্রামের আফছর উল্লাহর স্ত্রী মখলিছ বিবি (৬০) ও একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে সুফিয়ান মিয়া (২২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা দেড়টায় উপজেলাধীন ওই সড়কের দেবপাড়া ইউনিয়নের আইনগাঁওস্থ দিনারপুর দাখিল মাদরাসার সামনে ঢাকা থেকে সিলেটগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী ওই অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী ছফিনা বিবি ও মখলিছ বিবি মারা যান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর সুফিয়ান মিয়া (২২) মারা যান।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এ সময় প্রায় দুই ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।
স্থানীয় সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, সহকারী পুলিশ সুপার সাজিদুর রহমানসহ নবীগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


