পুরো সফরে একটিও জয় নেই। শেষটায় তাই জিম্বাবুয়ের প্রয়োজন অন্তত একটি স্বান্তনার জয়। বাংলাদেশ সফরে অবশেষে জয়ের মুখ দেখল জিম্বাবুয়ে। সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে সফরকারীরা।
রোববার মিরপুরে আগে ব্যাট করতে নেমে এনামুল হক বিজয়ের ৪৭ রানের সুবাদে ৯ উইকেটে ১৩৫ রান করে বাংলাদেশ। জবাবে ১ বল বাকি থাকতে ৩ উইকেটের নাটকীয় জয় পেয়ে যায় জিম্বাবুয়ে।
জয়ের জন্য শেষ ওভারে ১৮ রান প্রয়োজন ছিল জিম্বাবুয়ের, হাতে ৬ উইকেট। তবে শেষ ওভারের প্রথম বলেই ম্যালকম ওয়ালারকে ফিরিয়ে বাংলাদেশের জয়ের সম্ভাবনা উজ্জল করেছিলেন নাসির হোসেন। কিন্তু পরের চার বলে দুটি ছক্কা ও এক চারের সাহায্যে ১৮ রান নিয়ে জিম্বাবুয়েকে নাটকীয় জয় এনে দেন নেভিল মাদজিভা।



