দ্বিতীয় দফায় রিমান্ড শেষে ঢাকায় ইতালির নাগরিক তাভেল্লা সিজার হত্যা মামলায় বিএনপি নেতা এম এ কাইয়ুমের ভাই আব্দুল মতিনকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান কারাগারে পাঠানোর এই আদেশ দেন।
পাঁচদিনের রিমান্ড শেষে মতিনকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। আসামিপক্ষ এ সময় তার জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন।
গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ইতালির ত্রাণকর্মী চেজারে তাভেল্লা। মামলায় মতিনসহ মোট পাঁচজনকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে।
প্রায় এক মাস পর ২৬ অক্টোবর হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে মিনহাজুল আরেফিন রাসেল, রাসেল চৌধুরী, তামজিদ আহম্মেদ রুবেল এবং শাখাওয়াত হোসেন নামে চারজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এই চারজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আর ঢাকা মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুমের ভাই মতিন ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল থেকে ৪ নভেম্বর রাতে গ্রেপ্তার হন বলে জানায় পুলিশ।


