বুধবার ৪ নভেম্বর ২০২৬

পেরুকে বিধ্বস্ত ব্রাজিলের

 

70638_124আর্জেন্টিনার সাথে ১-১ গোলে ড্র করে যে সামান্য অস্বস্তিতে ছিল ব্রাজিল, সেটা পুষিয়ে দেয়ার সুযোগ খুঁজছিল তারা। প্রথম সুযোগেই তারা তা করেছে। পেরুকে ৩-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরে এসেছে দুঙ্গার দল। একচেটিয়া খেলায় ডগাস কোস্টা (২২), রেনাটো (৫৭) আর ফিলিপ লুইসের (৭৭) গোলে তারা জয় ছিনিয়ে আনে।

ব্রাজিলের সালভাদরের ফন্তে নোভায় বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টায় ম্যাচটি শুরু হয়। প্রথম থেকেই দাপটের সাথে খেলে স্বাগতিকরা। ম্যাচের ২২তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন ডগাস কোস্টা। জাতীয় দলের হয়ে বায়ার্ন মিউনিখের এই উইঙ্গারের এটা দ্বিতীয় গোল। প্রায় ২০ মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি একটুর জন্য পাননি কোস্টা। তার বাঁকানো শট লাগে পোস্টে।

বিরতির আগে দর্শনীয় একটি গোলের চেষ্টা করেছিলেন বার্সেলোনা তারকা নেইমার। দানি আলভেসের পাস বুক দিয়ে নিয়ে ওভারহেড কিক নিয়েছিলেন কিন্তু অল্পের জন্য বার উঁচিয়ে চলে যায় বল। তবে বিরতির পর ব্যবধান দ্বিগুণ করে নেয় স্বাগতিকরা। কোস্টার দারুণ পাসে ডি-বক্সের বাইরে থেকে নেয়া নিচু শটে গোল করেন করিন্থিয়ান্সের মিডফিল্ডার রেনাতো অগুস্তো।

এরপর ৬৭তম মিনিটের মাথায় বল জালে পাঠান নেইমারও কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়। এতে ব্রাজিলের বড় জয় পেতে কোনো সমস্যা হয়নি। কারণ ১০ মিনিট পরই দলের তৃতীয় গোলটি করেন ফিলিপ লুইস।

চিলির কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করা ব্রাজিল দ্বিতীয় ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারায়। পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সাথে ১-১ গোলে ড্র করে দুঙ্গার দল। আজকের জয়ে আবার কক্ষপথে ফিরল পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ব্রাজিল। আগের ম্যাচে চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দেয়া উরুগুয়ে নয় পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। নেজুয়েলাকে ৩-১ গোলে হারিয়ে চার ম্যাচে পুরো ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ইকুয়েডর। বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে প্যারাগুয়ে। কলম্বিয়াকে একমাত্র গোলে হারানো আর্জেন্টিনার পয়েন্ট ৫ আর কলম্বিয়া আছে চার পয়েন্ট নিয়েই।

আরও পড়ুন