বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ফ্রান্সের চেয়েও নিরাপদ বাংলাদেশ

gallup-logo_9678বাংলাদেশ বিশ্বে অন্যতম এক নিরাপদ দেশ। এমনকি যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও ভারতের চেয়েও নিরাপদ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক জনমত জরিপ সংস্থা গ্যালাপের আইনশৃংখলা প্রতিবেদন ২০১৫-তে একথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ৮৯ পয়েন্ট নিয়ে সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ। এরপরই রয়েছে যথাক্রমে উজবেকিস্তান (৮৮) ও হংকং (৮৭)।খবর বাসসের।

প্রতিবেদনে বাংলাদেশ বিশ্বের নিরাপদ দেশ হিসেবে ৭৮ পয়েন্ট নিয়ে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার ওপরে অবস্থান করছে। বাংলাদেশের পরের অবস্থানের এ দেশ দুটির পয়েন্ট হচ্ছে ৭৭। এক্ষেত্রে ৭৫ পয়েন্ট নিয়ে ফ্রান্সের অবস্থানও বাংলাদেশের নিচে।

সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকির দেশ হচ্ছে লাইবেরিয়া ও ভেনিজুয়েলা। এ দুটি দেশের পয়েন্ট হচ্ছে যথাক্রমে ৪০ ও ৪২। আঞ্চলিক পর্যায়ে লাতিন আমেরিকার নিরাপত্তা ঝুঁকির ব্রাজিল ৫২ পয়েন্ট ও মেক্সিকো ৫৯ পয়েন্ট। বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের পয়েন্ট হচ্ছে ৬৭, পাকিস্তান ৬০ এবং নেপাল ও ভুটান ৭৩ পয়েন্ট নিয়ে একই অবস্থানে রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কেবল শ্রীলংকা ৭৯ পয়েন্ট নিয়ে মাত্র ১ পয়েন্টের ব্যবধানে বাংলাদেশের ওপরে অবস্থান করছে।

এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ৮৭ পয়েন্ট নিয়ে ইন্দোনেশিয়া রয়েছে তালিকার শীর্ষে। এ অঞ্চলের অন্য দেশগুলোর মধ্যে মালয়েশিয়া ৬৪, থাইল্যান্ড ৭৪ এবং ভিয়েতনামের পয়েন্ট হচ্ছে ৭২। ২০১৪ সালে ১৪১ দেশের ১ লাখ ৪২ হাজার মানুষের মতামতের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি হয়। এ জরিপে অংশগ্রহণকারীদের জন্য ৩টি প্রশ্ন ছিল- ১. পুলিশের ওপর আস্থা, ২. রাতে চলাফেরা ও ৩. চুরি বা ডাকাতির ঘটনা। এই ৩ প্রশ্নের জবাবের ভিত্তিতে গ্যালাপের আইনশৃংখলা প্রতিবেদন-২০১৫ প্রণীত হয়।

আরও পড়ুন