বুধবার ৪ নভেম্বর ২০২৬

সাকা-মুজাহিদের ফাঁসি যে কোনো সময়

saka-mujahi_7165একাত্তরে মানবতাবিরোধী অপরাধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল থাকায় জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে জানিয়েছেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বুধবার সকালে রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন, ‘আজকে রিভিউ পিটিশন খারিজ হওয়ার মাধ্যমে আইনি প্রক্রিয়ার পরিসমাপ্তি ঘটল। রায় কার্যকর করার ব্যাপারে আর কোনো আইনি বাধা নেই। রায় কার্যকর এখন সময়ের ব্যাপার মাত্র। এখানে জেল কোড বহাল নয়। এখন সরকারি সিদ্ধান্তে এবং তারা যদি কোনো ক্ষমা ভিক্ষা চান সেই কথা আলাদা।’

রায় কার্যকর করতে কোনো শর্ট অর্ডার প্রয়োজন হবে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি আদালতে শর্ট অর্ডার চেয়েছিলাম। আদালত বলেছেন, যেহেতু মামলা খারিজ হয়ে গেছে তাই শর্ট অর্ডারের কোনো প্রয়োজন হবে না।’

রায় কতদিনের মধ্যে কার্যকর করতে হবে- এ প্রসঙ্গে তিনি বলেন, এই আইনে নির্দিষ্ট করে কোনো সময়সীমা দেওয়া নেই। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পরে। আসামিপক্ষ তাদের আবেদনের পক্ষে কোনো সঠিক প্রমাণ ও যুক্তি উপস্থাপন করেননি বরং তারা আদালতে মিথ্যা তথ্য পরিবেশনের চেষ্টা করেছে।

রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘বুদ্ধিজীবী হত্যার দায়ে আলী আহসান মুজাহিদকে সাজা দেওয়া হয়েছে। এই রায়টি পেয়ে আমরা সন্তোষ প্রকাশ করছি।’

তিনি বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর অপরাধ নিয়ে আর কি বলব, এটা অভাবনীয়। অন্য কোনো আসামিকে চারটি চার্জের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। এরকম ভয়াবহ হত্যাকাণ্ড ঘটিয়েও যদি বিদেশে ছিলেন বলে তিনি ছাড়া পেয়ে যান তাহলে এটা আমাদের জন্য বিরাট পরাজয় হতো।’

আরও পড়ুন