একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলার চূড়ান্ত আদেশে ফাঁসির দণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর বলেছেন, রায়ে তাঁরা অত্যন্ত হতাশ। তাঁরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন।
আজ বুধবার মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন দেশের সর্বোচ্চ আদালতে খারিজ হওয়ার পর এই প্রতিক্রিয়া জানান মাবরুর।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ আজ মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করেছেন। এর ফলে এই মামলার চূড়ান্ত আদেশেও মুজাহিদের ফাঁসির সাজা বহাল থাকল।
এখন মুজাহিদের সামনে আর একটি সুযোগ আছে, তা হলো—রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়া। এরপর দণ্ড কার্যকরের বিষয়টি আসবে।
রায়ের পর মুজাহিদের ছেলে মাবরুর বলেন, ‘আমাদের আইনজীবীরা রিভিউ শুনানিতে অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। আমার বাবার বিরুদ্ধে সরাসরি হত্যার কোনো অভিযোগ নেই। তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত না হওয়ার পরও দেশের সর্বোচ্চ আদালত তাঁর মৃত্যুদণ্ড বহাল রাখায় আমরা অত্যন্ত হতাশ। আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি।’
রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়া প্রসঙ্গে জানতে চাইলে মাবরুর বলেন, ‘আমরা বাবার (মুজাহিদ) সঙ্গে দেখা করার চেষ্টা করছি। তাঁর সঙ্গে দেখা করে এবং আইনজীবীদের সঙ্গে কথা বলে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।


