দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর নিশ্চিত হয়ে গেলেও কোনো প্রতিক্রিয়া দেয়নি বিএনপি। আগের ন্যায় এবারও চুপ রয়েছে বিএনপি। এর আগে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদেরের মৃত্যুদণ্ড এবং আপিলের রায়ে মৃত্যুদণ্ড বহাল রাখা হলে তখনও বিএনপি কোনো প্রতিক্রিয়া জানায়নি।
বুধবার বিএনপি নেতার সঙ্গে তাদের জোট শরিক জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদেরও মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামায়াত বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডাকলেও রায়ের পাঁচ ঘণ্টা পরও বিএনপি কোনো বিবৃতি দেয়নি। কোনো প্রতিক্রিয়া জানাননি দলটির নেতারাও।
বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপনের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে আইনজীবীরা কথা বলছেন। দলের তরফ থেকে এখনও আমি কোনো বার্তা পাইনি। পেলে যথাসময়ে জানাব।”
বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়া রয়েছেন যুক্তরাজ্যে। ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন কারাগারে।
সালাউদ্দিন কাদেরের রায়ের পর তার প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, আমরা আইনের লড়াই করেছি। আমরা হেরে গেছি।
শুধু এইটুকুই প্রতিক্রিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের এই অন্যতম সদস্য খন্দকার মাহবুব হোসেনের।


