বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন হর্ষ বর্ধন শ্রীঙ্গলা। হর্ষ বর্ধন বর্তমানে থাইল্যান্ডের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ডিসেম্বরে নতুন কর্মস্থলে যোগ দিবেন তিনি। তিনি পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের নাগরিক। বুধবার ভারতের এক সরকারি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
নতুন এই হাইকমিশনার ঢাকায় বর্তমান হাইকমিশনার পঙ্কজ শরণের স্থলাভিষিক্ত হচ্ছেন।
জৈষ্ঠ্য কূটনীতিক হর্ষ বর্ধন শ্রীঙ্গলা ভারতের সরকারি কর্ম কমিশনে ১৯৮৪ সালে ব্যাচে যোগ দেয়ার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি ভারত সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সাফল্যের সঙ্গে পালন করেছেন। শ্রীলঙ্কা, মালদ্বীপ ও মিয়ানমারের রাজনৈতিক ইস্যূতে বিভিন্ন সময়ের স্পর্শকাতর ঘটনায় তিনি সাফল্যের সঙ্গে কাজ করেন। বাংলাদেশের সঙ্গে ভারতের স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের সময় তিনি ভারতের যুগ্ম-সচিব হিসেবে কাজ করে সাফল্যের সঙ্গে দুই দেশের সমস্যার সমাধান করেন।
ব্যাংককের রাষ্টদূত হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি দীর্ঘদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের ডেস্কে কর্মরত ছিলেন।
হর্ষ বর্ধনের ৩০ বছরের কূটনীতিক ক্যারিয়ারে নয়াদিল্লিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছাড়াও প্যারিস, হ্যানয়, ও তেলআবিবে নিযুক্ত ছিলেন। জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনে মিনিস্টার/কাউন্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।


