লন্ডনে দীর্ঘ সফর শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী শনিবার ২১ নভেম্বর দেশে ফিরছেন। তার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বৃহস্পতিবার দুপুরে এই তথ্য জানিয়ে বলেন, ২০ তারিখ লন্ডন থেকে রওনা হয়ে তার ২১ তারিখ ঢাকা ফেরার সূচি নির্ধারণ হয়েছে।
এদিকে যুক্তরাজ্য বিএনপি ও লন্ডনে অবস্থানরত দলের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, চোখের চিকিৎসার কারণে বেগম জিয়ার দেশে ফিরতে দেরি হচ্ছে। বিএনপির যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মালেক বলেছেন, ‘ম্যাডামের চিকিৎসার বিষয়টিকে আগে প্রাধান্য দেওয়া হচ্ছে।’
জানা গেছে, খালেদা জিয়ার দুই চোখের ছানি অপারেশন করাতে হয়েছে। বিএনপির একজন নেতা জানান, চিকিৎসক বলেছেন, দুই চোখের অপারেশন একসঙ্গে করা হয়নি। এক চোখের অপারেশন করার সপ্তাহ খানেক পর অন্য চোখের অপারেশন করা হয়।
খালেদা জিয়া ১৬ সেপ্টেম্বর লন্ডন যান। তিনি লন্ডনের কিংসটনে ছেলে তারেক রহমানের বাসায় উঠেন।


