বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘দেশের সঙ্কটেই খালেদা জিয়া ফিরছেন’

Riponদেশের ক্রান্তিকাল ও রাজনীতির সঙ্কট বিবেচনা করে চিকিৎসা অসমাপ্ত রেখেই চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী শনিবার লন্ডন থেকে দেশে ফিরছেন বলে জানিয়েছে তার দল বিএনপি। ২১ নভেম্বর বিকাল ৫টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে বেগম জিয়ার ফেরার কথা রয়েছে। যুদ্ধাপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় পুনর্বিবেচনা আবেদন আদালতে খারিজ হয়ে যাওয়ার পরদিনই খালেদার ফেরার এই খবর এলো দলের পক্ষ থেকে।

বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আন্তর্জাতিক বিষয়ক আসাদুজ্জামান রিপন বলেন, “দেশের পরিস্থিতি বিবেচনা করেই আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা অসমাপ্ত রেখে তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।”

এর আগে দুপুরে জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে খালেদার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের একই কথা বলেন। পরে বিকালে রিপন সংবাদ সম্মেলনে আসেন।

গত ১৫ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন খালেদা। সেখানে তিনি চোখ ও বাতের চিকিৎসা নিচ্ছিলেন বলে বিএনপি নেতারা বলে আসছেন।

গত দুই মাস ধরে লন্ডনে বড় ছেলে তারেক রহমান ও তার পরিবারের সঙ্গেই আছেন বিএনপি চেয়ারপারসন। সেখানেই এবারের কোরবানির ঈদ কেটেছে তার।

চিকিৎসা নিয়ে কোরবানির ঈদের পর খালেদা জিয়া দেশে ফিরবেন বলে এর আগে জানিয়েছিলেন বিএনপি নেতারা। কিন্তু দুই মাসেও তিনি না আসায় খালেদা আদৌ ফিরবেন কি না- সেই সন্দেহ প্রকাশ করতে শুরু করেন আওয়ামী লীগ নেতারা।

নৌমন্ত্রী শাজাহান খান গত সপ্তাহেও এক অনুষ্ঠানে বলেন, “বেগম খালেদা জিয়া চিকিৎসার কথা বলে স্বেচ্ছায় নির্বাসনে গেছেন। তিনি আর দেশে আসবেন না।”

নাশকতাসহ বিভিন্ন মামলার হুকুমের আসামি খালেদা দেশে ফিরতে চাইলে বাধা দেওয়া হবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নেরও মুখোমুখি হতে হয়েছে সরকারকে।

গত ১৬ নভেম্বর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, “দেশে আসাতে (খালেদা জিয়া ও তারেক রহমান) কোনো বাধা দেব না, স্বাগত জানাব। কারণ বাংলাদেশি নাগরিকদের দেশে আসাই বাঞ্ছনীয়।”

আরও পড়ুন