যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর দণ্ড কার্যকরের পর তার লাশ জন্মস্থান চট্টগ্রামের রাউজানে সমাহিত করার উদ্যোগ নেওয়া হলে তা প্রতিহতের ঘোষণা দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। বৃহস্পতিবার বিকালে উপজেলার মুন্সীরঘাটা কলেজ গেইট এলাকায় একটি সমাবেশ থেকে এ ঘোষণা দেন নেতারা।
রাউজান উপজেলা আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম বেবী বলেন, “ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা মাস্টার দা সূর্যসেনের স্মৃতি বিজড়িত রাউজানের পবিত্র মাটিতে কুলাঙ্গার সালাউদ্দিন কাদের চৌধুরীর লাশ দাফন করতে দেওয়া হবে না। বিকালে সমাবেশ থেকে এ বিষয়ে সবাইকে জানানো হয়েছে। রাউজানের মাটিতে সালাউদ্দিনের লাশ দাফন করতে দেওয়া হবে না,” বলেন শফিকুল।
রাউজানে সালাউদ্দিনের মরদেহ নেওয়া ঠেকাতে উপজেলার সত্তারঘাট এলাকায় অবস্থানের ঘোষণা দিয়েছেন তিনি।
উপজেলা ছাত্রলীগ সভাপতি জমির উদ্দিন পারভেজ বলেন, বিকালের সমাবেশে মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


