মাঠ পর্যায়ে উপজেলা/থানা অফিসের নিরাপত্তা চেয়ে সেখানে সতর্ক দৃষ্টি রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (নিক)। নিকের জ্যেষ্ঠ সহকারী সচিব মাহফুজা বেগমের সই করা এ চিঠি বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও পুলিশ মহাপরিদর্শক বরাবর পাঠানো হয়।
নিকের পাঠানো চিঠিতে বলা হয়, ভোটার নিবন্ধন কর্মসূচির আওতায় ইতিমধ্যে প্রথম স্তরে ভোটারযোগ্য নাগরিকের তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে। আর এ পর্যায়ের ছবি তুলে নিবন্ধন প্রক্রিয়াও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে দ্বিতীয় স্তরের তথ্য সংগ্রহ শেষে নিবন্ধন চলছে। ২ জানুয়ারি দেশব্যাপী ভোটার হওয়া ব্যক্তিদের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
নিকর ওই জ্যেষ্ঠ কর্মকর্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানান, তালিকা প্রকাশের পর যাতে কেউ তথ্য চুরি কিংবা তালিকা নষ্ট করতে না পারে সেজন্য জেলা, উপেজলা ও থানা নির্বাচন অফিসের নিরাপত্তা প্রয়োজন। তাই এ বিষয়ে নিক’র উপজেলা/থানা নির্বাচন অফিসের দিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
নিকের কর্মকর্তা আরো জানান, নিকের লক্ষ্য- একটি নির্ভুল ও সঠিক ভোটার তালিকা প্রণয়ন করা। এ লক্ষ্যে চূড়ান্তভাবে ভোটার তালিকা প্রকাশের আগে যাতে কোনো ব্যক্তি খসড়া তালিকাতে কাঁটাছেঁড়া ও তথ্য নষ্ট করতে না পারে সেজন্য মাঠ অফিসের নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৫ জুলাই সারা দেশে নিকর ৫১৪ উপজেলা/থানাতে ধাপে ধাপে ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়। এবার নিকের টার্গেট ১৫ থেকে ১৭ বছরসহ মোট ৭২ লাখ ভোটারযোগ্য নাগরিকের নাম তালিকাভুক্ত করা।


