নিরাপত্তার অজুহাত দেখিয়ে এই বছরের সেপ্টেম্বরে বাংলাদেশে সফর স্থগিত করে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ফলে বাংলাদেশের বিপক্ষে অসিদের দুটি টেস্ট ম্যাচ খেলার কথা থাকলেও তা আর হয়নি।
এবার এ নিয়ে মুখ খুললেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক অস্ট্রেলিয়ান হেড কোচ ও বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রংপুর রাইডার্সের কোচ শেন জার্গেনসেন।
অসিদের বাংলাদেশ সফর বাতিলকে লজ্জাজনক উল্লেখ করে তিনি বলেন, ‘দুইদিন আগে আমি বাংলাদেশে এসেছি। এখানে এসে আমার মনে হয়নি যে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা করার মতো কিছু আছে। তবে আমি নিশ্চিত সিরিজটা ঠিকই হবে।’
বৃহস্পতিবার বিকেলে মিরপুর ক্রিকেট অ্যাকাডেমিতে বিপিএলে নিজ দল রংপুরের অনুশীলনের সময় তিনি এ মন্তব্য করেন।
এদিকে আর মাত্র একদিন পরেই পর্দা উঠছে বিপিএলের তৃতীয় আসরের। বিপিএলের প্রস্তুতির জন্য খুবই অল্প সময় পেয়েছে শেন জার্গেনসেনের দল রংপুর রাইডার্স।
দলকে নিয়ে লক্ষ্য কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখানে হারতে আসিনি, এসেছি জিততে। আর টুর্নামেন্টের ফাইনালে খেলাই আমার মূল লক্ষ্য।’


