বুধবার ৪ নভেম্বর ২০২৬

একই মঞ্চে সাকা-মুজাহিদের ফাঁসি, চলছে মহড়া

Bd-All-News-24-68একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি ঢাকা কেন্দ্রীয় কারাগারে একই মঞ্চে কার্যকর করা হবে। ইতোমধ্যে ছামিয়ানা টানানোসহ ওই মঞ্চ প্রস্তুত করা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে কারাগার সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারে দুইটি মঞ্চ থাকলেও সালাউদ্দিন ও মুজাহিদের ফাঁসি একই মঞ্চে কার্যকর করা হবে।  বুধবার সাকা-মুজাহিদের ফাঁসির সাজা পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ হওয়ার পর থেকে ওই মঞ্চে নিয়মিত মহরা চলছে বলেও জানায় সূত্রটি।

ফাঁসি কার্যকরের জন্য নির্বাহী আদেশের একটি আনুষ্ঠানিকতা প্রয়োজন হয়। শুক্রবার রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই আদেশ জারি হয়নি। আদেশটি জারি হওয়ার পর কারাকর্তৃপক্ষ ফাঁসির দণ্ডপ্রাপ্তদের পরিবারকে তিন ঘণ্টার মধ্যে দেখা করতে আসতে বলবেন।

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে সাংবাদিক, শিক্ষকসহ বুদ্ধিজীবী হত্যা এবং সাম্প্রদায়িক হত্যা-নির্যাতনের দায়ে ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদকে মৃত্যুদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তিনি আপিল করলে চলতি বছরের ১৬ জুন চূড়ান্ত রায়েও ওই সাজা বহাল থাকে।

একাত্তরে চট্টগ্রামের ত্রাস সালাউদ্দিন কাদেরের রায় এসেছিল ২০১৩ সালের ১ অক্টোবর। ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির রায় এ বছর ২৯ জুলাই আপিলের রায়েও বহাল থাকে।

তাদের আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় একই দিনে, ৩০ সেপ্টেম্বর। এরপর নিয়ম অনুযায়ী ট্রাইব্যুনাল দুজনের মৃত্যু পরোয়ানা জারি করে এবং কারা কর্তৃপক্ষ ১ অক্টোবর তা দুই ফাঁসির আসামিকে পড়ে শোনায়।

এরপর দুই যুদ্ধাপরাধী ওই রায় পুনর্বিবেচনার জন্য আপিল বিভাগে আবেদন করেন। শুনানি শেষে বুধবার আদালত তা খারিজ করে দেয়।

রিভিউর রায় হওয়ার পর বুধবার থেকেই কারাফটকে জোরদার নিরাপত্তা রয়েছে। সাঁজোয়া যান নিয়ে পুলিশের অবস্থানের পাশাপাশি রয়েছে র‌্যাবের টহলও।

আরও পড়ুন