বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

সাকা-মুজাহিদকে ঝুলাতে প্রস্তুত ৭ জল্লাদ

fasiমানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের জন্য শাহজাহান, রাজু, আবুল, হযরত, ইকবাল, মাসুদ ও মুক্তার- এই সাত জল্লাদকে প্রস্তুত রাখা হয়েছে।

কারাগার সূত্র জানায়, শাহজাহানের নেতৃত্বে রাজু ও আবুল ফাঁসি কার্যকর করবেন। তবে শাহজাহান যদি কোনও কারণে অসুস্থ হয়ে পড়েন তাহলে রাজু ফাঁসি কার্যকর করবেন, তাকে সহযোগিতা করবেন আবুল ও হযরত। তবে শেষ মুহূর্তে শাহজাহান ও রাজুকে পরিবর্তন করে বাকি ৫ জন জল্লাদের একজন ফাঁসি কার্যকরও করতে পারেন।

প্রাণভিক্ষা চাওয়ার বিষয়টি সুরাহা হলেই তারা যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুহাম্মদ মোজাহিদের ফাঁসির রায় কার্যকর করবেন।

কারাগার সূত্রে জানা যায়, জল্লাদ শাহজাহান ও রাজু অন্যদের চেয়ে অভিজ্ঞতা সম্পন্ন। সেই সঙ্গে সুঠাম দেহ ও অধিক মনোবলের কারণে জল্লাদদের তালিকায় তাদের নাম প্রথমে রাখা হয়েছে। তবে জল্লাদ শাহজাহানের বয়স হয়ে গিয়েছে। ২০১৩ সালের ১২ ডিসেম্বর প্রথম যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসি কার্যকর করেন তিনি।

অন্যদিকে চলতি বছরের ১২ এপ্রিল আরেক জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকরে ভূমিকা রাখেন জল্লাদ রাজু। শাহজাহান ১৪৩ বছরের বেশি কারাদণ্ডপ্রাপ্ত আসামি। ৩৬ বছর ধরে শাহজাহান এবং রাজু ১৫ বছর ধরে কারাগারে আছেন। শাহজাহান বঙ্গবন্ধু হত্যা মামলার পাঁচ আসামি, এরশাদ শিকদারসহ বিভিন্ন আসামির মৃত্যুদণ্ড কার্যকর করেছেন।

কারাগার সূত্র আরও জানা যায়, এরই মধ্যে ফাঁসির দুটি মঞ্চের মধ্যে একটি মঞ্চকে পরীক্ষা করে দেখেছেন জল্লাদরা। মঞ্চ ধুয়ে প্রস্তুত রাখা হয়েছে। তবে নতুন শামিয়ানা এখনও লাগানো হয়নি। ফাঁসির জন্য আনা হয়েছে ম্যানিলা রোপ। শনিবারের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হবে এবং জল্লাদরা ফাঁসির মঞ্চে মহড়াও দেবেন। ফাঁসির আগে চূড়ান্ত আরেকটি মহড়া দেওয়া হবে।

আরও পড়ুন