ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে শুক্রবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদে মোট ৩১ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সহ-সভাপতিসহ মোট ছয়টি পদে একজন করে প্রার্থী থাকায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন— সহ-সভাপতি পদে দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার শরীফুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক পদে একই পত্রিকার সুমী খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মানবজমিনের সিনিয়র রিপোর্টার কাফি কামাল, সাংস্কৃতিক সম্পাদক পদে নতুন সময় ডটকমের মনিরুল ইসলাম, আপ্যায়ন সম্পাদক পদে নবচেতনার প্রধান প্রতিবেদক আমিনুল হক ভূঁইয়া ও কল্যাণ সম্পাদক পদে নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার জিলানী মিল্টন।
সভাপতি পদে বর্তমান সভাপতি দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাখাওয়াত হোসেন বাদশা ও সাবেক সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি জামাল উদ্দিন।
সাধারণ সম্পাদক পদে সাবেক দুই সাংগঠনিক সম্পাদক গাজী টিভির প্রধান প্রতিবেদক রাজু আহমেদ, বাসস’র সিনিয়র রিপোর্টার মুরসালিন নোমানী ও ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার (অনলাইন) ফেরদাউস মুবারক মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
এ ছাড়া যুগ্ম-সম্পাদক পদে আমাদের অর্থনীতির সিনিয়র রিপোর্টার তোফাজ্জল হোসেন ও বাসস’র সিনিয়র রিপোর্টার সাজ্জাদ হোসেন।
অর্থ সম্পাদক পদে আমাদের অর্থনীতির অর্থনৈতিক প্রতিবেদক হাসান আরিফ ও অর্থনীতি প্রতিদিনের কামরুজ্জামান কাজল।
সাংগঠনিক সম্পাদক পদে ইনকিলাবের সিনিয়র রিপোর্টার শেখ মুহাম্মদ জামাল হোসাইন (শেখ জামাল) ও আরটিভির বিশেষ প্রতিনিধি ফারুক খান, দফতর সম্পাদক পদে প্রাইম নিউজ.কম.বিডির মেহদী আজাদ মাসুম ও নাজমুল আহসান তৌফিক এবং ক্রীড়া সম্পাদক পদে যায়যায়দিনের স্পোর্টস রিপোর্টার আমিনুল ইসলাম লিটন ও কালবেলার মুজিবুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কাযনির্বাহী সদস্য সাতটি পদের জন্য ১০ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন— দৈনিক ভোরের কাগজের ঝর্ণা মনি, নয়াদিগন্তের আশরাফুল ইসলাম, বিবার্তা২৪.নেট-এর চিফ রিপোর্টার মো. মহসিন হোসেন, দ্য ইকোনমিক টুডের শেখ মাহমুদ এ রিয়াত, সংগ্রামের কামাল উদ্দিন সুমন, জাস্টনিউজবিডি ডটকমের শফিকুল ইসলাম শামীম, দৈনিক নবচেতনার আজাদ হোসেন সুমন, নিউ নেশনের এহসানুল হক জসিম, আলোকিত বাংলাদেশের মিজানুর রহমান ও ওসমান গণি বাবুল।
এর আগে ১ নভেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ তারিখ ছিল ২০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২১ নভেম্বর (শনিবার)। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৩ নভেম্বর (সোমবার) এবং চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৪ নভেম্বর (মঙ্গলবার)। তফসিল অনুযায়ী ৩০ নভেম্বর (সোমবার) ডিআরইউ কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগের দিন ২৯ নভেম্বর ডিআরইউ প্রাঙ্গণে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন এক হাজার ২৭০ সাংবাদিক।


