একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের প্রাণভিক্ষার আবেদনের ওপর মতামত দিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পাঠিয়েছে আইন মন্ত্রণালয়।
শনিবার সন্ধ্যায় এ কথা জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
প্রাণভিক্ষার আবেদেন দুটি শনিবার দুপুরে কারা কর্তৃপক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পাঠানো হয়। স্বরাষ্ট্রসচিব ড. মোজাম্মেল হকের কাছে সেটি পৌঁছে দেওয়া হয় বলে জানান ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার আরিফুল ইসলাম।
এর পর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন দুটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে আসে। সেখানে আবেদনের ওপর মতামত দিয়ে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এদিকে, প্রাণভিক্ষার আবেদনের বিষয়ে দ্রুত নিষ্পত্তির কথা জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, তাদের (সাকা-মুজাহিদ) আবেদন আজই রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তিনি (রাষ্ট্রপতি) সিদ্ধান্ত নেবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, অন্য ক্ষমা প্রার্থনার আবেদনের ক্ষেত্রে যে সময় লাগে, তাদের ক্ষেত্রে আরও কম সময় লাগবে।


