রোববার থেকে দেশের ৭ হাজার ৫২টি কেন্দ্রে একযোগে শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। এই পরীক্ষায় দেশের ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন শিক্ষার্থী অংশ নেবে। সূচি অনুযায়ী, ২৯ নভেম্বর পর্যন্ত নির্ধারিত দিনের পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে শেষ হবে বেলা দেড়টায়। প্রথম দিন সকাল প্রাথমিক ও ইবেতেদায়ী সমাপনীতে ইংরেজি বিষয়ের পরীক্ষা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার রোববার সকাল সাড়ে ১০টায় মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রশ্ন ফাঁস ঠেকাতে ৬৪ জেলাকে এবার বিশেষ আটটি অঞ্চলে ভাগ করে আট সেট প্রশ্নে এবার প্রাথমিক ও ইবেতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা নেবে সরকার।
সমাপনী পরীক্ষায় প্রাথমিকের ২৯ লাখ ৪৯ হাজার ৬৩ ও ইবেতেদায়ীর তিন লাখ পাঁচ হাজার ৪৫১ শিক্ষার্থী অংশ নেবে। দেশের সাত হাজার ৫২টি কেন্দ্রে ছাড়াও আরও দেশের বাইরে আট দেশের ১১টি কেন্দ্রে প্রাথমিক সমাপনী পরীক্ষা হবে।
অন্য বারের মতো এবারও প্রতিবন্ধী পরীক্ষার্থীরা অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী।


