একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রায় কার্যকর পরবর্তী কর্মসূচি হাতে নিয়েছে দলটি। মুজাহিদের ফাঁসি হয়ে যাওয়ার পর সোমবার সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি। এছাড়া মুজাহিদের জন্য রোববার গায়েবানা জানাজা দেওয়া হবে।
জামায়াতের কেন্দ্রীয় কমিটির বরাত দিয়ে কেন্দ্রীয় সুরা সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুত তওয়াব তথ্যটি জানিয়েছেন। এরই মধ্যে ফরিদপুরের বিভিন্ন উপজেলায় ফোন করে কর্মসূচির কথাও নেতাকর্মীদের জানানো হয়েছে বলে জানান তিনি।
ফাঁসি ঠেকানোর সর্বশেষ সুযোগ নিয়ে শনিবার রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন মুজাহিদ। কিন্তু রাতে সে আবেদন নাকচ হয়ে যায়। এর ফলে রাতের মধ্যেই ফাঁসি কার্যকর হচ্ছে বলে নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ।
আলী আহসান মোহাম্মদ মুজাহিদের গ্রামের বাড়ি ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরে।


