বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

জোড়া খুন: এমপিপুত্র রনির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ৪ জানুয়ারি

rony-ed1রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় এমপিপুত্র বখতিয়ার আলম রনির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ৪ জানুয়ারি দিন ঠিক করেছেন আদালত। এই শুনানির জন্য রোববার দিন ঠিক ছিল। আসামি পক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ সামছুন নাহার পরবর্তী এই দিন ঠিক করে দেন।

২১ জুলাই এমপিপুত্র বখতিয়ার আলম রনিকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার দাস। বখতিয়ার আলম রনি মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য পিনু খানের ছেলে।

১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটনে মদ্যপ অবস্থায় রনি নিজ গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে রিকশাচালক হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান।

ওই ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল রমনা থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন।

২৪ মে মামলাটি তদন্তের দায়িত্ব পাওয়ার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে বখতিয়ার আলম রনিকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

আরও পড়ুন