নরসিংদীর শিবপুরে এক পোশাক শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিতাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, এ ঘটনায় মামলা দায়েরের পর একজনকে গ্রেফতার করা হয়। অপর অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ।
গত ১৮ নভেম্বর রাতে, নরসিংদীর শিবপুর উপজেলার কারারদী এলাকার নিজ কর্মস্থল থেকে লেগুনায় চড়ে বেলাবোর বাড়িতে ফিরছিলেন এক নারী পোশাক শ্রমিক।
স্বজনদের অভিযোগ, লেগুনাটি হাজীবাগান ব্রিজ এলাকায় পৌঁছলে, তাকে জোর করে সড়কের পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায় চালক রুবেল, হেলপার সজীব ও তাদের চার সহযোগী। পরে তাকে ধর্ষণ করে পালিয়ে যায় বখাটেরা। খবর পেয়ে, নির্যাতিতাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।
শনিবার শারীরিক পরীক্ষার পর নির্যাতিতাকে হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেলে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ আমিরুল হক শামীম।
এদিকে, এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদীর শিবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন।
এ ঘটনায় গত ২০ নভেম্বর রুবেলসহ ছয়জনকে আসামি করে শিবপুর থানায় মামলা করেছে নির্যাতিতার পরিবার।


