বিপিএলের তৃতীয় আসর জয় দিয়েই শুরু করেছে ঢাকা ডায়নামাইটস। রোববার মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১০ রান করে কুমিল্লা। জবাবে ৪ উইকেট হারিয়ে ঠিক ৪ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা।
কুমিল্লার দেওয়া ১১১ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২৯ রানে ব্যক্তিগত ১৯ রান করে ফিরে যান শামসুর রহমান। তবে দ্বিতীয় উইকেটে নাসির জামশেদ ও সাঙ্গাকারা মিলে ৫৫ রানের জুটি গড়েন। সুনীল নারিনের বলে জামশেদ (৪৪) ফিরে গেলে ভেঙে যায় এ জুটি।
এরপর অধিনায়ক সাঙ্গাকারা ও মোসাদ্দেক হোসেন সৈকত দলকে এগিয়ে নিতে থাকেন। দলের জয় থেকে ১৩ রান দূরে থাকতে আবু হায়দারের বলে বোল্ড হন সাঙ্গাকারা (২৫)। আর মোসাদ্দেক (৭) দলের জয় থেকে ৬ রান দূরে থাকতে বিদায় নেন।
শেষ ওভারে জয়ের জন্য ঢাকার প্রয়োজন ছিল ৪ রান। তবে প্রথম দুই বলেই জয় তুলে নেয় ঢাকা। মাশরাফি বিন মুর্তজার বলে চার মেরে দলের জয় নিশ্চিত করেন নাসির হোসেন। নাসির ৫ ও রায়ান টেনডাসকাট ৮ রানে অপরাজিত থাকেন।
ঢাকার হয়ে আবুল হাসান রাজু সর্বোচ্চ ৩ উইকেট নেন ২৯ রানের বিনিময়ে। ১৫ রানে ২ উইকেট নেন মোশাররফ হোসেন। এ ছাড়া মুস্তাফিজুর রহমান ও ফরহাদ রেজার ঝুলিতে জমা পড়ে একটি করে উইকেট।
দারুণ বোলিংয়ের সুবাদে ম্যাচসেরার পুরস্কারও জেতেন আবুল হাসান রাজু।


