বুধবার ৪ নভেম্বর ২০২৬

আবারো সংঘর্ষ নেপালে, গুলিতে নিহত চার

ywএ মাসের গোড়াতেই মিছিলে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন এক ভারতীয় যুবক। গত কাল গভীর রাতে ফের তেমনটাই ঘটেছে কাঠমান্ডু থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সপ্তারি জেলায় ইস্ট-ওয়েস্ট জাতীয় সড়কে। ভারতীয় বংশোদ্ভূত চার মদেশীয় প্রতিবাদীকে গুলি করে মারার অভিযোগ উঠল নেপাল পুলিশের বিরুদ্ধে। শনিবারের এই ঘটনা উদ্বেগ বাড়িয়েছে ভারত সরকারের।

যদিও নেপাল পুলিশের দাবি, চার জন নয়, দু’জনের উপরে গুলি চালাতে তারা বাধ্য হয়েছে। কারণ ইস্ট-ওয়েস্ট জাতীয় সড়কে অন্তত আড়াই হাজার মানুষ পেট্রোল বোমা আর পাথর হাতে তাদের উপরে চড়াও হয়। ইউনাইটেড ডেমোক্র্যাটিক মদেশীয় ফ্রন্ট দেশের ওই প্রধান জাতীয় সড়ক অবরোধ করায় তাদের সরিয়ে দিতে যায় পুলিশ। পুলিশের বক্তব্য, তখনই খেপে ওঠে প্রতিবাদীরা। নেপালি সংবিধানে সমানাধিকার দাবি করে দু’মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভ দেখাচ্ছেন মদেশীয়রা। এর মধ্যে পুলিশের গুলিতে চার প্রতিবাদীর মৃত্যুর জেরে সে বিক্ষোভ আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা প্রশাসনের। বিক্ষোভ ঘিরে এমনিতেই পঙ্গু হয়ে পড়েছে নেপালের অর্থনীতি। প্রধান জাতীয় সড়কে অবরোধ চলায় নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে বিঘ্ন চলছে। যদিও এই আর্থিক সঙ্কটের দায় ভারতের উপরেই চাপিয়েছে নেপাল সরকার।

গত কাল গভীর রাতের ওই ঘটনার পরে সপ্তারিতে অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি করা হয়েছে। পুলিশ-প্রতিবাদী সংঘর্ষে কাল জখম হয়েছেন দু’তরফেরই লোকজন। এঁদের মধ্যে পাঁচ জন প্রতিবাদী এবং দু’জন পুলিশের অবস্থা সঙ্কটজনক। সপ্তারির জেলা পুলিশ অফিসার ভীম ঢাকাল জানিয়েছেন, ওরা পাথর ছুড়তে ছুড়তে আমাদের দিকে তেড়ে আসায় ওদের ছত্রভঙ্গ করতে গুলি চালাতে হয়েছে। শনিবার রাতে ওই সংঘর্ষের আগে ২০ লক্ষ টাকার ওষুধবাহী একটি ট্রাক ও অ্যাম্বুল্যান্স তছনছ করে দেওয়ার অভিযোগ উঠেছে মদেশীয়দের বিরুদ্ধে।

ভারত থেকেই সেই ওষুধ নেপালে যাচ্ছিল বলে দাবি। দেশের প্রতিরক্ষামন্ত্রী ভীম রাওয়াল বলেছেন, অ্যাম্বুল্যান্সে হামলা চালানো, রোগীকে বিপদে ফেলা (যাদের মধ্যে একটি অসুস্থ শিশুও ছিল), ওষুধবাহী ট্রাক পুড়িয়ে দেওয়াকে কি গণতান্ত্রিক পথে প্রতিবাদ বলা চলে? অনির্দিষ্টকালীন এই অবরোধ তোলার জন্য চেষ্টা চালাচ্ছে প্রশাসন। কিন্তু ভারত এই ঘটনায় নাক গলানোর নেপাল সরকারের কাজটা কঠিন হয়ে যাচ্ছে বলে তাদের অভিযোগ। ভারত এই অভিযোগ প্রথম থেকেই উড়িয়ে দিয়েছে। শনিবারের ঘটনায় উদ্বেগ জানিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ টুইটারে বলেছেন, ‘‘প্রাণহানির ঘটনা শুনে আমরা চিন্তিত।’’-আনন্দবাজার।

আরও পড়ুন