কালচারাল জার্নালিস্টস ফোরাম অফ বাংলাদেশ (সিজেএফবি)- অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল ২০ নভেম্বর। এ উপলক্ষে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন সিজেএফবি কর্তৃপক্ষ। বরাবরের মতো এবারও অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে অভিনয় শিল্পীদের ২০১৪ সালের কাজের কৃতিত্বস্বরূপ অ্যাওয়ার্ড প্রদান করে সম্মানিত করা হয়।
আয়োজনে চলচ্চিত্র বিভাগে বছরের সেরা নায়ক হিসেবে নির্বাচিত হন সময়ের আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল ও সেরা নায়িকা নির্বাচিত হন বর্ষা। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মোস্টওয়েলকাম-২’ ছবিতে অভিনয়ের জন্য তারা এ পুরস্কার পান। পাশাপাশি ছবিটিও বছরের সেরা ছবি হিসেবে নির্বাচিত হয়।
এ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘সিজেএফবি-এর অ্যাওয়ার্ড গ্রহণ করে আমি সত্যিই আনন্দিত এবং সম্মানিত। তিনটি ক্যাটাগরিতে গ্রহণ করা এ পুরস্কার আমার কাছে শুধু পুরস্কার নয়, এটি আমার সামনে এগিয়ে যাওয়ার এবং ভবিষ্যতে আরও ভালো চলচ্চিত্র উপহার দিতে অত্যন্ত সহায়ক। আমি সবসময়ই চেষ্টা করি আমার দর্শক, ভক্ত ও শুভাকাক্সক্ষীদের নতুনত্ব সমৃদ্ধ চলচ্চিত্র উপহার দিতে। সর্বোপরি আমি আন্তরিক ধন্যবাদ জানাই সিজেএফবি কর্তৃপক্ষকে এবং আমার সব দর্শক, ভক্ত ও শুভাকাক্সক্ষীদের, যাদের ভালোবাসাই আমার এগিয়ে যাওয়ার অন্যতম সহায়ক।’
চিত্রনায়িকা বর্ষা বলেন, ‘আমি সেরা নায়িকা নির্বাচিত হওয়ায় অত্যন্ত আনন্দিত। কৃতজ্ঞতা প্রকাশ করছি সিজেএফবি কর্তৃপক্ষের প্রতি। এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্যও তাদের ধন্যবাদ জানাই। এ পুরস্কার অদূর ভবিষ্যতে আরও ভালো কাজ করতে আমাকে উৎসাহিত করবে। পাশাপাশি ধন্যবাদ জানাই আমার সব ভক্ত, দর্শক ও শুভাকাক্সক্ষীদের; যারা সবসময় তাদের ভালোবাসা দিয়ে উৎসাহিত করেন।’


