জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতালে শিবিরের ঝটিকা মিছিল ছত্রভঙ্গ করতে গুলি করেছে পুলিশ। সোমবার সকাল ১১টার দিকে নগরীর কুমারপাড়া এলাকায় একটি মিছিল বের করার চেষ্টা করে শিবিরকর্মীরা। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ শর্টগানের ৮ রাউন্ড গুলি করে বলে জানা গেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সোমবার সকালে কুমারপাড়া এলাকায় শিবিরকর্মীরা মিছিল বের করার চেষ্টা করে। তবে পুলিশের ধাওয়ায় মিছিলকারীরা পালিয়ে যায়। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ শর্টগানের ৮ রাউন্ড গুলি করে।’
তিনি জানান, ‘অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীতে র্যাব-পুলিশের পাশাপাশি বিজিবিও টহল দিচ্ছে।
বিচ্ছিন্ন এই ঘটনা বাদে সিলেটের অন্য এলাকাগুলোতে জনজীবন স্বাভাবিক রয়েছে। সোমবার সকাল থেকেই নগরীতে যানবাহন, অটোরিকশা ও রিকশা চলাচল করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকানপাটও খুলতে শুরু করেছে। দূরপাল্লা ও আঞ্চলিক সড়কেও বাস চলাচল করছে।
সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, সকাল থেকেই আঞ্চলিক সড়ক ও মহাসড়কে বাস চলাচল করছে। কোথাও কোনো প্রতিবন্ধকতার খবর পাওয়া যায়নি।


