এক পুলিশ কর্মকর্তাকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে। রাজশাহীর বাঘা উপজেলার নারায়ণপুর বাজারে সোমবার সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে বাঘা থানার সহকারী উপ-পরিদর্শক ইউসুফ আলী মোটরসাইকেল নিয়ে নারায়াণপুর বাজারে যান। সেখানে তিনি রাস্তার পাশে মোটরসাইকেল দাঁড় করিয়ে অন্যপাশে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় শুভ নামে সাইকেল আরোহীর সঙ্গে তার ধাক্কা লাগে। এতে ওই উপ-পরিদর্শক সাইকেল আরোহীকে মারধর করেন।
এ ঘটনার অল্প কিছুক্ষণ পরে জেলা যুবলীগের সদস্য আবুল কালাম মিঠু মোটরসাইকেলে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। পথে একই স্থানে মিঠুর মোটরসাইকেলের লুকিং গ্লাসের সঙ্গে ধাক্কা লাগে ইউসুফ আলীর। এ ঘটনায় মিঠুকে মারতে চড়াও হন ওই পুলিশ কর্মকর্তা।
বাকবিতণ্ডার এক পর্যায়ে মিঠু সহকারী উপ-পরিদর্শক ইউসুফ আলীর গালে থাপ্পড় মারেন বলে জানান স্থানীয়রা। এ সময় ইউসুফ আলী যুবলীগ নেতা মিঠুকে আটক করার চেষ্টা করলে তিনি পালিয়ে যান।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, ‘তুচ্ছ বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে তাদের দু’জনের মধ্যে মীমাংসা হয়ে গেছে।’


