“আমি একজন জাতীয় দলের ক্রিকেটার। সেখানে বিপিএলের মতো টুর্নামেন্টে কোন ফ্রাঞ্চাইজির কর্মকর্তারা আমার পরিবার নিয়ে কটুক্তি করবে, তা আমি মেনে নিতে পারি না। সেই সময় আমার সঙ্গে ভিক্ষুকের মতো আচরণ করা হয়েছে। এমন যদি ধারাবাহিকভাবে ঘটতে থাকে, তাহলে ক্রিকেটই ছেড়ে দেব।” ক্ষুব্ধ তামিম ইকবাল এসব কথা বলেছেন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে উঠতেই তামিম বেশ হতাশ কণ্ঠে বলেন, আমি বিষয়টি নিয়ে বিসিবির দ্বারস্থ হব। আমি অবশ্য বিপিএলের ডিসিপ্লিনারি কমিটির কাছে বিষয়টি তুলে ধরব। আশা করি বিষয়টি তারা সুরাহা করবে।
শুরুটা ম্যাচের আগে। ইংলিশ দুই ক্রিকেটার রবি বোপারা ও জশুয়া কবের ম্যাচে অংশগ্রহণ নিয়ে। প্রথমে তাদের দুজনের ছিল না এনওসি (অনাপত্তি পত্র)। এ ফাঁকে দলীয় খেলোয়াড় তালিকা নিয়ে টস করে ফেলেন মুশফিক। টসের পর দেখা গেলো এনওসি জমা দেয়া হলো বিসিবিতে। সিলেট সিদ্ধান্ত নিল দুই ইংলিশ ক্রিকেটার খেলাবে। কিন্তু বাদ সেধে বসলো চিটাগাং। তাদের যে তালিকা দেয়া হয়েছিল, সেখানে তো নেই জশুয়া কব আর রবি বোপারার নাম! এ নিয়ে সিলেট ফ্রাঞ্চাইজি কর্মকর্তাদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় চিটাগং অধিনায়ক তামিম ইকবালের। তামিমের অভিযোগ, ওই সময় সেই কর্মকর্তারা তাকে বাজে ভাষায় আক্রমণ করে। যা তাকে অপমানিত করেছে।


