শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন সমাপ্ত

Parliamentদশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন সোমবার শেষ হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অধিবেশন সমাপ্তি সম্পর্কিত ঘোষণা পাঠের মাধ্যমে অধিবেশন আজ শেষ করা হয়।

এর আগে আজ সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনী ভাষণ দেন। এ ছাড়া বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ সমাপনী বক্তব্য দেন।

স্পিকার এই অধিবেশনে সরকার ও বিরোধীদল নির্বিশেষে সবাই কার্যকর ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানান।

স্পিকার সংসদ অধিবেশন পরিচালনায় সহযোগিতা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, সকল সংসদ সদস্য, ডেপুটি স্পিকার ও সভাপতি মন্ডলীর সদস্য, মিডিয়া কর্মীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এদিকে দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন গত ৮ নভেম্বর শুরু হয়। মোট ১২টি কার্যদিবসের এ অধিবেশনে মোট ২৭টি সরকারি বিলের মধ্যে ১০টি পাস হয়। আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ৪২১টি নোটিশ পাওয়া যায়। নোটিশগুলো থেকে ১৮টি গৃহীত নোটিশের মধ্যে ৮টি আলোচিত হয়। এ ছাড়া ৭১(ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিসের সংখ্যা ১০৫টি ছিল।

এ ছাড়া এ অধিবেশনে কার্যপ্রণালী বিধির ১৪৭ (১) বিধির আওতায় একটি নোটিসের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়।

জাতিসংঘ পরিবেশ বিষয়ক চ্যাম্পিন অব দ্য আর্থ ও আইসিটি পুরস্কার অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। অধিবেশনে সর্বসম্মতভাবে ধন্যবাদ প্রস্তাবটি গৃহীত হয়।

এ ছাড়া এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য সর্বমোট ১২৬টি প্রশ্ন পাওয়া যায়। তার মধ্যে তিনি ৪৪টি প্রশ্নের উত্তর দেন। মন্ত্রীদের জন্য আনা ২ হাজার ৫৯৫টি প্রশ্নের মধ্যে ১ হাজার ৭৪৯টি প্রশ্নের জবাব দেন।

সমাপনী ভাষণের পর স্পিকার দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করে শোনান।

আরও পড়ুন