বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

আইএসকে শেষ করতে একজোট হতে চায় রাশিয়া

5486--10-ISমধ্যপ্রাচ্যভিত্তিক উগ্রপন্থি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এমনকি তুরস্কসহ অন্যান্য দেশগুলোর সঙ্গে একজোট হয়ে সমন্বিত হামলা চালাতে রাশিয়া প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির এক রাষ্ট্রদূত।

বুধবার ইউরোপ ওয়ান বেতারে এক সাক্ষাৎকারে একথা বলেন ফ্রান্সে নিয়োজিত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দ্রে অরলভ। আরও বলেন, এ ধরনের একটি জোট হওয়া সম্ভব।

রাষ্ট্রদূত বলেন, “আমাদের দিক থেকে আমরা অনেকদূর যেতে প্রস্তুত। দায়েশের (আইএস) আস্তানাগুলোতে একসঙ্গে হামলা চালানোর পরিকল্পনা করার পাশাপাশি ফ্রান্স, যুক্তরাষ্ট্র বা অন্য যে কোনো দেশের সঙ্গে একযোগে যৌথ কমান্ড প্রতিষ্ঠা করতেও প্রস্তুত আমরা। এমনকি এ জোটে তুরস্ক থাকলেও তাতে রাশিয়ার আপত্তি নেই।”

যদিও মঙ্গলবার তুরস্ক তাদের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে সিরিয়া সীমান্তে রাশিয়ার একটি বোমারু বিমান ভূপাতিত করে। এ ঘটনায় আঙ্কারা ও মস্কোর মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

এদিকে, গত ১৩ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসের কয়েকটি স্থানে একযোগে ভয়াবহ জঙ্গি হামলায় শতাধিক মানুষ নিহত হয়। আইএস সংশ্লিষ্ট একটি জঙ্গি দল ওই হামলার দায় স্বীকার করে।

প্যারিস হামলার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলন্দ ইসলামিক স্টেটকে ধ্বংস করতে আরও আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করছেন।

এদিকে, আইএস কর্তৃক হামলার আশঙ্কার বাহিরে নয় বাংলাদেশও। কারণ সম্প্রতি বাংলাদেশে ব্লগার, লেখক ও প্রকাশকসহ বেশ কয়েকটি হত্যাকাণ্ডে দায় স্বীকার করেছে এই জঙ্গিগোষ্ঠী। শুধু তাই নয়; বাংলাদেশে নতুন করে সন্ত্রাসী হামলা চালানোর প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছে আইএস৷এর জন্য আইএস বাংলাদেশে একজন নেতাও পেয়েছে বলে দাবি করেছে সংগঠনটির অনলাইন ম্যাগাজিন ‘দাবিক’ এর সর্বশেষ সংস্করণে। আইএসের ম্যাগাজিনের নিবন্ধ নিয়ে ভারতের সংবাদ সংস্থা পিটিআইএর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের মতো দেশে আইএস তাদের কৌশলগত অবস্থান বাড়ানোর চেষ্টা করছে৷

তবে বাংলাদেশ সরকার বিষয়টি উড়িয়ে দিয়েছে। বলছে, বাংলাদেশে কোনো আইএস নেই। বাংলাদেশের প্রস্তুতির বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘‘আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে৷ কোনো ধরনের শঙ্কা নেই।”

অপরদিকে, আইএস কর্তৃক হামলার আশঙ্কায় আছে ভারতও। তারাও কিছুদিন আগে পুরো ভারতজুড়ে সতর্কতা জারি করেছে। করেছে নিরাপত্তা জোরদার।

ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়, আইএসের হামলার ঝুঁকিতে আছে ভারতও। তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের সব রাজ্যে সতর্কতা পাঠানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এ ব্যাপারে বলেছেন, সব রাজ্যকে সতর্ক থাকতে বলা হয়েছে যাতে কোনো মুহুর্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় রাজ্যগুলি সক্ষম হয়। দিল্লিতে তিনি সাংবাদিকদের বলেন, আইএস এখন কোনো নির্দিষ্ট দেশের কাছে হুমকি নয়। এই গোষ্ঠী এখন গোটা বিশ্বের প্রতি হুমকি। তাই আমরাও তাদের ব্যাপারে সতর্ক।

আরও পড়ুন