ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের একটি প্রতিনিধি দল ৪ দিনের সৌজন্য সফরে বৃহস্পতিবার বাংলাদেশে আসবে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে আস্থা ও সৌহার্দপূর্ণ সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে এ সফরের আয়োজন করা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসএফের স্কুল ও কলেজের ২৫ জন শিক্ষার্থী ও ৩ জন কর্মকর্তাসহ মোট ২৮ সদস্যের প্রতিনিধি দলটি সড়কপথে লালমনিরহাটের বুড়িমারী আইসিপি হয়ে বাংলাদেশে পৌঁছবে। বাংলাদেশে আগমনের সময় বিজিবির পক্ষ থেকে প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে। প্রতিনিধি দলটি বাংলাদেশ সফরকালে রংপুর ও ঢাকার ঐতিহাসিক, গুরুত্বপূর্ণ ও দর্শনীয় বিভিন্ন স্থান পরিদর্শন করবে। সফরসূচি অনুযায়ী প্রতিনিধি দল জাতীয় জাদুঘর, বঙ্গবন্ধু নভোথিয়েটার, বাংলাদেশ সেনাবাহিনী জাদুঘর, বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘর, রাজধানীর বিভিন্ন শপিংমলসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবে।
এ ছাড়া বিএসএফ স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। প্রতিনিধি দল সফর শেষে আগামী ২৯ নভেম্বর লালমনিরহাটের বুড়িমারী আইসিপি হয়ে দেশে ফিরবে। এ সময় বিজিবির পক্ষ থেকে তাদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হবে।
উল্লেখ্য, বিএসএফের আমন্ত্রণে বিজিবির স্কুল ছাত্রছাত্রীদের ২৯ সদস্যের একটি প্রতিনিধি দল গত ১৪-১৭ সেপ্টেম্বর ভারতের দার্জিলিং ও শিলিগুড়িতে সৌজন্য সফর করেছে। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর নিজ নিজ ব্যবস্থাপনায় পরিচালিত স্কুল ও কলেজগুলোর শিক্ষার্থীদের এ ধরনের সৌজন্য সফর বিজিবি ও বিএসএফের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।


