বাংলাদেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে’র মালিকানায় পরিবর্তন এসেছে। মালিকানা পরিবর্তনের পর নতুন চেয়ারম্যান হয়েছেন সাইফুল ইসলাম। আর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আব্দুস সোবহান গোলাপ।
বুধবার একুশে টিভির মালিক আবদুস সালাম আনুষ্ঠানিকভাবে নতুন মালিক এস আলম (সাইফুল আলম) গ্রুপের কাছে মালিকানা হস্তান্তর করেন। দুপুরে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মালিকানা পরিবর্তনের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্থ ঋণ আদালত আইন-২০০৩ এর ১২ ধারা অনুযায়ী আদালতের নির্দেশক্রমে গত ৮ অক্টোবর নিলাম প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে এস আলম গ্রুপ একুশে টেলিভিশন লিমিটেডের সকল কিছু ক্রয় করে নিয়েছে।
নতুন পরিচালনা পর্ষদে মোহাম্মদ সাইফুল আলম চেয়ারম্যান এবং আব্দুস সামাদ ভাইস চেয়ারম্যান মনোনিত হয়েছেন।
এছাড়া ওই সভায় নতুন ব্যবস্থাপনা পরিচালক এবং নির্বাহী পরিচালকসহ গুরুত্বপূর্ণ পদেও নিয়োগ দেওয়া হয়েছে।
২০০০ সালের ১৪ এপ্রিল উন্মুক্ত টেরিস্ট্রিয়াল টেলিভিশন কেন্দ্র হিসেবে সম্প্রচার শুরু করলেও ২০০২ সালের ২৯ অগাস্ট চারদলীয় জোট সরকারের সময়ে আদালতের রায়ের পর একুশে টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়।
এরপর ২০০৫ সালের ১৪ এপ্রিল পুনরায় সম্প্রচারের অনুমতি নিয়ে ২০০৭ সালের ২৯ মার্চ স্যাটেলাইট টেলিভিশন হিসেবে সম্প্রচারে আসে একুশে টিভি।


