এবার বলিউডের সঙ্গে যৌথভাবে কাজ করতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর। এ লক্ষ্যে তার কাছে প্রস্তাবনা নিয়ে এসেছেন বলিউডের খিলাড়ী, বাজিকর, বাদশা, হামরাজ, চোরি চোরি চুপকে চুপকে, আজনবী, রেইস, দাবাং-২-এর মতো সুপারহিট ছবির অ্যাসোসিয়েট ডিরেক্টর ইমদাদ হুসাইন নাকভী। সম্প্রতি ইমদাদ নাকভী আসিফ আকবরের ঢাকার অফিসে এসে তার সঙ্গে বিস্তারিত আলাপ করেছেন।
প্রস্তাবনায় রয়েছে, বলিউডের সঙ্গে বাংলাদেশের যৌথভাবে ছবি নির্মাণ, বাংলাদেশী অভিনয়শিল্পী, গায়ক-গায়িকা এবং টেকশিয়ানদের বলিউডে কাজের সুযোগ করে দেয়াসহ আরও কিছু কাজের সুবিধা।
আলোচনায় আসিফ আকবর জানিয়েছেন, বাংলাদেশের স্বার্থ শতভাগ রক্ষা হলে বলিউডের যে কোনো প্রজেক্টের সঙ্গে সম্পৃক্ত হতে তার কোনো আপত্তি নেই। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের মেধাবীরা আন্তর্জাতিক অঙ্গনে কাজ করলে দেশেরই সুনাম হবে। সে কাজের সুবিধা তিনি করে দেবেন। এজন্য আলোচনা চলছে। আলোচনা সফল হলে কিছুদিনের মধ্যেই আমরা এ প্রজেক্টটি শুরু কবর।’
ইমদাদ নাকভী বলেন, ‘আসিফ ভাইয়ের গান শুনে আমি মুগ্ধ। আমি চাই তার মতো শিল্পী বলিউডে কাজ করুক। এজন্য আলোচনা করতে বাংলাদেশে এসেছি। এছাড়া ছবি নির্মাণসহ বাংলাদেশের মেধাবীদের বলিউডে সুযোগ করে দেয়ার ব্যাপারেও আমার ইচ্ছে রয়েছে। আমি নিজেই ছবি বানাব। সেখানে অবশ্যই বাংলাদেশের মেধাবীরা কাজ করবেন। এজন্য আসিফ ভাইয়ের সহযোগিতা চাচ্ছি।’
–


