স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির অংশ নেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ। দলটির নেতারা বলছেন, পৌরসভা নির্বাচনে বিএনপি অংশ নেয়ার সিদ্ধান্ত প্রমাণ করে বর্তমান সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। বিচ্ছিন্ন সন্ত্রাসী ঘটনা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাইলে তাদের দমনে সরকার জিরো টলারেন্স দেখাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।
শুক্রবার সকালে বিভিন্ন অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন।
শুক্রবার সকালে শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় আওয়ামী লীগ নেতারা বলেন, তাজিয়া মিছিল আর শিয়া মসজিদে হামলার ঘটনা একই সূত্রে গাঁথা। পৌরসভা নির্বাচনের বিএনপির অংশগ্রহণের সিদ্ধান্তকে ইতিবাচক মন্তব্য করে তারা মাঝপথে নির্বাচন থেকে বিএনপিকে সরে না যেতে অনুরোধ করেন।
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘বগুড়া শিয়া মসজিদে হামলা হয়েছে, এর আগে বিদেশি নাগরিকদের হত্যার ঘটনা, তাজিয়া মিছিলে হামলা, পুলিশের উপরে হামলা এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়। একটির সাথে আরেকটির যোগসূত্র আছে। বাংলাদেশকে নিয়ে চক্রান্ত করছে একটি মহল। সরকার জঙ্গি দমনে, সন্ত্রাসী দমনে জিরো টলারেন্স দেখাবে।’
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহমুদ বলেন, ‘পৌরসভা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করতে যাচ্ছে। সেজন্য তাদের অভিনন্দন জানাই আমরা। আশা করব এভাবে নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে তারা বোমারু রাজনীতির হাত থেকে নিজেদের রাজনীতিকে বের করে আনবে।’
এদিকে, শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে ঢাকা মেডিকেলে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন। অনুষ্ঠান শেষে সময় সংবাদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বিএনপির পৌরসভা নির্বাচন পেছানোর দাবি নির্বাচন কমিশনের এখতিয়ার ভুক্ত।
স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি’র অংশ নেয়ার সিদ্ধান্ত প্রমাণ করে বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম আরও বলেন, ‘নির্বাচন কমিশনারের কাছে যে কেউ গিয়ে আলোচনা করতে পারে। আর নির্বাচন কমিশন এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এ ব্যাপারে আমার বলার কিছু নেই।’
নির্বাচনে বিএনপি’র অংশ নেয়ার ব্যাপারে তিনি বলেন, ‘জ্বালা-পোড়া রাজনীতি থেকে বিএনপি যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ধারা থেকে বিএনপি ফিরে আসুক সেটাই আমরা চাই।’
স্থানীয় সরকার নির্বাচনে ১৪ দলে সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে ১৪ দলের এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। গতকাল (বৃহস্পতিবার) একক ভাবে মনোনয়ন এর ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা হয়েছে সেই আলোচনায় এখনও কোনো সিদ্ধান্ত হয়েনি। আলোচনা অব্যাহত রয়েছে।’
একটি বিশেষ মহল বাংলাদেশকে নিয়ে চক্রান্তে লিপ্ত হয়েছে এমন দাবি করে স্বাস্থ্যমন্ত্রী অনুষ্ঠানে সকল অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে জনগণের প্রতি আহ্বান জানান।
এদিকে আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপি’র অংশ নেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ব্রতী’র প্রধান নির্বাহী শারমিন মুরশিদ।
এ সময় তিনি শর্ত বিবেচনায় নিতে নির্বাচন কমিশন এবং বিএনপি’কে ইতিবাচক মনোভাব দেখানোর আহ্বান জানান।


