বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

পৌর ভোট: অংশ নেয়া নিশ্চিত করলো ১২ দল

ec-38996নির্বাচনের তারিখ পেছানোর দাবি করলেও মনোনয়ন গ্রহণের সময় শেষ হওয়ার পাঁচদিন আগেই পৌর নির্বাচনে অংশ নেওয়া নিশ্চিত করেছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। যদিও বিএনপি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি তফসিল পেছানোর দাবি করেছিল, তবে নির্বাচন কমিশন তা নাকচ করে দিয়েছে।

ইসির একজন উপ সচিব জানান, শুক্রবার এ রিপোর্ট লেখা পর্যন্ত ১২টি নিবন্ধিত দলের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির তালিকা নির্বাচন কমিশনের পৌঁছেছে। কমিশনে পৌরসভা নির্বাচনে দলের মনোনয়ন ফরমে প্রত্যয়নকারীর নাম জমা দিয়েছে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি।

শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে দলের মনোনয়ন ফরমে প্রত্যয়নকারীর নাম লেখা চিঠি পৌঁছে দেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সরকারি ছুটির দিন হলেও কমিশনে প্রত্যয়নপত্র গ্রহণ করেন উপ সচিব মোখলেছুর রহমান।

তফসিল ঘোষণার দিনই পরবর্তী পাঁচ দিনের মধ্যে পৌর নির্বাচনে দলের মনোনয়ন ফরমে প্রত্যয়নকারীর নাম সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা আর নির্বাচন কমিশনে জমা দেয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে নির্দেশ দেন সিইসি।

এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির সদস্য রিয়াজুল করিম কাওসার কমিশনে এসে দলের পক্ষ থেকে মনোনয়ন ফরমে প্রত্যয়নকারীর নাম লেখা চিঠিটি পৌঁছে দেন নির্বাচন কমিশনে, ক্ষমতাসীন দলটির পক্ষে প্রত্যায়নকারী হিসেবে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম জমা দেয়া হয়।

এর আগে বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন বিএনপির সহ-প্রচার সম্পাদক ইমরান সালেহ প্রিন্স। তিনি জানান, দলের যুগ্ম মহাসচিব মো. শাজাহান স্বাক্ষর করবেন মনোনয়নপত্রে।

জাতীয় পার্টির পক্ষে দলের প্রধান হুসাইন মোহাম্মদ এরশাদকে করা হয়েছে প্রত্যায়নকারী। কমিশনের পক্ষ থেকে প্রত্যয়নপত্র গ্রহণ করেন উপ-সচিব মোখলেছুর রহমান। এছাড়াও জাসদ ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের পক্ষে প্রত্যায়নপত্র জমা দেয় দল দুটির প্রতিনিধিরা।

একইভাবে সংসদে প্রতিনিধিত্বকারী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, জাতীয় পার্টি-জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম নিজেদের দলের মনোনীতদের প্রত্যয়নকারী হিসেবে থাকছেন।

এছাড়া বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট একিউএম বদরুদ্দোজা চৌধুরী, এনপিপির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলু ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মহাসচিব সাইফুল হক নিজ দলের মনোনীত প্রার্থীদের প্রত্যয়ন করবেন।

আর ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমদ হবেন দলটির মনোনীত প্রার্থীর প্রত্যয়নকারী।

এছাড়াও পিডিপি ও বিএনএফও তাদের প্রার্থীদের প্রত্যয়নকারীর নাম জানিয়ে ইসিতে চিঠি দিয়েছে।

২৪ নভেম্বর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার পরই দলগুলোকে একক প্রার্থী মনোনয়ন দেওয়ার বিধান উল্লেখ করে চিঠি দেয় ইসি।

নতুন বিধি অনুযায়ী, দলের সভিাপতি/ সাধারণ সম্পাদক/ সমপদাধিকারী/ ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির প্রত্যয়নে দলকে প্রার্থী মনোনয়ন দিতে হবে। ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে ২৮ ডিসেম্বরের মধ্যে রিটার্নিং কর্মকর্তা ও ইসিকে দলের চিঠি দেওয়ার কথা বলা হয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, স্থানীয় কোনো নেতা বা সমপদাধিকারীর বাইরে কাউকে ক্ষমতা দিলে শনিবারের মধ্যে ইসিতে অনুলিপি দিতে হবে।

প্রথমবারের মতো দলভিত্তিক পৌর নির্বাচনে মেয়র পদে দল মনোনীত প্রার্থী দলীয় প্রত্যয়নের পাশাপাশি ১শ’ ভোটারের সমর্থন তালিকা দিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ৩ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন দাখিলের সময় রয়েছে; বাছাই ৫ ও ৬ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর।

৩০ ডিসেম্বর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে ভোট হবে। মেয়র পদে দলভিত্তিক হলেও সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্দলীয় ভোট হবে।

বর্তমানে নির্বাচন কমিশনে ৪০টি নিবন্ধিত দল রয়েছে।

আরও পড়ুন