আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী কারা, তা ঠিক করে ইসিকে জানাবেন দলের যুগ্ম মহাসচিব মো. শাহজাহান। তাকে এই ক্ষমতা দিয়ে শনিবার নির্বাচন কমিশনে খালেদা জিয়ার চিঠি পৌঁছে দিয়েছেন বিএনপির সহ প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
সকালে এই চিঠি পৌঁছানোর পর দুপুরে বিএনপির একটি প্রতিনিধি দলও নির্বাচন কমিশন সচিবালয়ে গেছে। তারা তফসিল পুনর্নির্ধারণের দাবি জানাবেন বলে জানা গেছে।
এবারই প্রথম দলীয় প্রতীকে পৌরসভায় মেয়র নির্বাচন হবে বলে কে প্রার্থীদের প্রত্যয়ন করবেন, তা শনিবারের মধ্যে জানাতে দলগুলোকে সময় বেঁধে দেয় ইসি। সময়সীমার শেষ দিন বিএনপির পক্ষ থেকে প্রার্থী প্রত্যয়নের ক্ষমতাবান ব্যক্তির নাম ইসিকে আনুষ্ঠানিকভাবে জানানো হল।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবং বেশ কয়েকজন যুগ্ম মহাসচিব কারাগারে থাকার মধ্যে প্রার্থী প্রত্যয়নের ক্ষমতা পেলেন শাহজাহান।
নোয়াখালী সদর আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক হুইপ শাহজাহানকে বিএনপি পুনর্গঠনে সমন্বয়কারীর দায়িত্বও দিয়েছেন খালেদা।
ইসিতে এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন সহ-দপ্তর সম্পাদক আসাদুল করীম শাহিন, তাইফুল ইসলাম টিপু, মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান। প্রতিনিধি দলটি নির্বাচন কমিশনের উপ-সচিব শামসুল আলমের কাছে চিঠি দিয়ে আসেন।


